নেত্রকোনায় আওয়ামীলীগের ৫০১ নেতার বিরুদ্ধে মামালা

নেত্রকোনার বিভিন্ন স্থানে (১০ নভেম্বর) অবরোধ, অগ্নিসংযোগের ঘটনায় জেলার চার থানায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এসকল মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ৫০১ জনকে আসামী করা হয়েছে।

এরমধ্যে সাবেক এমপি সাজ্জাদুল হাসান ও আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে ২৩৭ জনকে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত মোট আটক হয়েছে ৯ জন। গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ডাকা কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের অগ্নি সংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জেলার সদর, কেন্দুয়া, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানায় মামলাগুলো দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশ ও বিএনপি নেতারা বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। তবে পূর্বধলা উপজেলায় কলেজে তালা ও সড়কে অবরোধ অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ওই থানায় মামলা হয়নি।

নেত্রকোনা সদর থানার ওসি আবুল খায়ের জানান, বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ১৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে। এছাড়াও সন্ত্রাস বিরোধী আইনে ৪ জনসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। কেন্দ্রয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ৫৮ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। আটক রয়েছে দুজন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

খালিয়াজুরী থানায় ১২১ জনের নাম উল্লেখ করে আরও ১২০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে। খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক সুবিনয় তালুকদার নামে একজন আটক রয়েছে। সদর ইউনিয়নের মুসলিমহাটি গ্রামের বাসিন্ধা বিএনপি কর্মী মো. মুসলিম মিয়া বাদী হয়ে সাবেক এমপি সাজ্জাদুল হাসানকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করেন।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, সদর, কেন্দুয়া, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানায় মামলা হয়েছে। পূর্বধলা কোন মামলা নেই বলে নিশ্চিত করেন তিনি।