মিথেন নিয়ন্ত্রণে ৪৮০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

জলবায়ু পরিবর্তনের গতি কমাতে মিথেন গ্যাসসহ অতি-দূষণকারী গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে নতুন করে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি এসেছে। জ্বালানি, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে এসব গ্যাসের নিঃসরণ কমাতে এই অর্থসহায়তা দেওয়া হবে। একই সঙ্গে অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে প্রতি এক ডলার বিনিয়োগে ১৫ ডলারের অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘের জলবায়ুবিষয়ক কর্মকর্তারা।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চপর্যায়ের অধিবেশনে অ-কার্বন ডাই-অক্সাইড গ্রিনহাউস গ্যাসবিষয়ক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ১২ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দাতব্য সংস্থার অংশীদারেরা অংশ নেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনএফসিসিসি থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মিথেন গ্যাসসহ অন্যান্য অতি-দূষণকারী গ্যাসের নিঃসরণ কমানো জরুরি। স্বল্প সময়ে বৈশ্বিক উষ্ণায়নের গতি কমানোর সবচেয়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হলো মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণ। এতে অর্থনীতি, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যেরও সুফল পাওয়া সম্ভব।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত করছে এবং মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। তাপমাত্রা যত বাড়বে, পরিস্থিতি তত খারাপ হবে। মিথেন ও অন্যান্য অতি-দূষণকারী গ্যাসের নিঃসরণ কমানো গেলে দ্রুত সুফল পাওয়া সম্ভব। এতে স্বল্পমেয়াদে তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা এবং বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করলেও তা যতটা সম্ভব কম ও স্বল্পস্থায়ী রাখা সহজ হবে। তবে মিথেন কমানোর পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতেও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সাইমন স্টিয়েল বলেন, তেল ও গ্যাস খাতে বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে মিথেন নিঃসরণের ৭০ শতাংশ পর্যন্ত নির্মূল করা সম্ভব। এর বড় একটি অংশের জন্য নিট অতিরিক্ত ব্যয়ও প্রয়োজন হয় না, বরং কম খরচেই তা করা যায়।

তিনি আরও বলেন, কঠিন বর্জ্য খাতে মিথেন নিঃসরণ কমানোর উদ্যোগের ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ সাশ্রয় করতে পারে। এসব উদ্যোগে মিথেন সংগ্রহ করে ব্যবহার করা গেলে তা থেকে পাওয়া অর্থের মূল্য বিনিয়োগের খরচকেও ছাড়িয়ে যেতে পারে।

সম্মেলনে জানানো হয়, তেল ও গ্যাস উৎপাদন খাতে প্রতিবছর ১৬৭ বিলিয়ন ঘনমিটার গ্যাস পুড়িয়ে ফেলা হয়, যা ফ্লেয়ারিং নামে পরিচিত। এতে প্রায় ৫৪ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানিমূল্য নষ্ট হচ্ছে। এই গ্যাসের অপচয় বন্ধ করা গেলে একদিকে অর্থনৈতিক ক্ষতি কমবে, অন্যদিকে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

জাতীয় জলবায়ু পরিকল্পনায়ও মিথেন নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে জানানো হয়, বিশ্বের ৯০ শতাংশের বেশি দেশ তাদের নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনায় মিথেন নিঃসরণ কমানোর পদক্ষেপ অন্তর্ভুক্ত করেছে। এসব দেশ বিশ্বের মোট মিথেন নিঃসরণের প্রায় তিন-চতুর্থাংশের জন্য দায়ী।

তবে অর্থায়নের ক্ষেত্রে বড় ঘাটতির কথা তুলে ধরেন সাইমন স্টিয়েল। তিনি জানান, ২০২৩ সালে নিঃসরণ কমানোর জন্য নির্ধারিত জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে ব্যয় করা হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন ব্যাংক ও জলবায়ু তহবিলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

এ জন্য চারটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সাইমন স্টিয়েল। এগুলো হলো—জাতীয় জলবায়ু পরিকল্পনায় মিথেন ও অন্যান্য অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া, সংশ্লিষ্ট খাতগুলোর জন্য কার্যকর নীতি গ্রহণ, সরকারি ও বেসরকারি অর্থায়ন বাড়ানো এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান, কারিগরি সক্ষমতা ও প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা। পাশাপাশি প্যারিস চুক্তির আওতায় চালু হওয়া নতুন কার্বন বাজার বা প্যারিস চুক্তি ক্রেডিটিং মেকানিজম ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। এই ব্যবস্থার আওতায় প্রথম দিকের লক্ষ্যগুলোর একটি হলো বর্জ্যভূমি থেকে নির্গত মিথেন সংগ্রহ ও ব্যবহারকে উৎসাহিত করা।

সম্মেলনে অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে সুপার পলিউট্যান্ট কান্ট্রি অ্যাকশন অ্যাক্সিলারেটর কর্মসূচির জন্য নতুন করে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের ঘোষণা দেওয়া হয়। এতে নতুন সাতটি দেশ—আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, মরক্কো, পাকিস্তান, ফিলিপাইন ও উজবেকিস্তান যুক্ত হয়েছে। এর ফলে কর্মসূচিটির আওতাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৪। ২০৩০ সালের মধ্যে ৩০টি দেশকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে জীবাশ্ম জ্বালানি খাতে মিথেন নিঃসরণ ব্যাপকভাবে কমাতে যুক্তরাজ্যের নেতৃত্বে নেওয়া একটি ঘোষণায় সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। এর লক্ষ্য জীবাশ্ম জ্বালানি খাতে মিথেন নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

অন্যদিকে জার্মানি সালফার হেক্সাফ্লোরাইড বা এসএফ সিক্স নিঃসরণ কমাতে নতুন বৈশ্বিক উদ্যোগের কথা তুলে ধরেছে। এটি অত্যন্ত শক্তিশালী গ্রিনহাউস গ্যাসগুলোর একটি। যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনও এ উদ্যোগে সমর্থন জানিয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পাশাপাশি মিথেন ও অন্যান্য অতি-দূষণকারী গ্যাসের দ্রুত নিঃসরণ কমানো জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান প্রযুক্তি, পর্যাপ্ত অর্থায়ন এবং দেশগুলোর কার্যকর উদ্যোগ একসঙ্গে কাজ করলে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।