ব্যাংকের হিসাবের খাতা আর লেখকের খাতা: চারটি ধারণার মানুষ এম এম মাহবুব হাসান

একই মানুষ ব্যাংকে আর্থিক অন্তর্ভুক্তির কৌশল সাজান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখান জীবনের সাতটি অর্থনৈতিক ধাপ, আর কলামে জটিল অর্থনীতির প্রশ্নকে সহজ ভাষায় পাঠকের সামনে আনেন। এম এম মাহবুব হাসানের পেশাজীবন ঠিক এমনই। ব্যাংকার, উন্নয়ন গবেষক ও লেখক—তিনি দুই দশকের বেশি সময় ধরে সক্রিয় থেকে এই তিন পরিচয় ধারণ করে চলেছেন। এই পথচলায় তিনি নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে চারটি ধারণা প্রবর্তন করেছেন, যেগুলো মাঠ ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে।

তবে এই পরিচিতি তৈরির যাত্রা মোটেই সহজ ছিল না। স্কুলজীবন থেকে কর্মজীবনে পৌঁছাতে তাঁকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। সেই পথচলা আজও থামেনি।

কলমের হাতেখড়ি

লেখালেখির অভ্যাস তার স্কুলজীবন থেকেই। তবে লেখক হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ২০০৩ সালে, যে বছর কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপে (সিডিপি) তার পেশাজীবনের শুরু। একই বছর প্রকাশিত হয় তার প্রথম যৌথ গবেষণাগ্রন্থ ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীভাঙন ও দুঃস্থ মানুষ’। এরপর খুলনার বিভিন্ন স্থানীয় দৈনিকে লেখা শুরু করেন, আর বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লেখার মধ্য দিয়ে নিজের জায়গা তৈরি করেন। পরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি বিভিন্ন এনজিওর ম্যাগাজিন ও গবেষণাপত্রেও তাঁর কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে।

উন্নয়ন খাতে এক দশক

ব্যাংকে আসার আগে প্রায় এক দশক তিনি সিডিপিতে উন্নয়ন খাতে কাজ করেছেন। রিসোর্স সেন্টার ব্যবস্থাপনা, গবেষণা, প্রকল্প সমন্বয়, অংশীদারত্ব ব্যবস্থাপনা, আঞ্চলিক কার্যক্রম পরিচালনা, অধিপরামর্শ ও প্রচারাভিযানের নানা দায়িত্ব সামলেছেন। তৃণমূল জনগোষ্ঠীকে সংগঠিত করা, জলবায়ু পরিবর্তনবিষয়ক অ্যাডভোকেসি, পানিসম্পদ ব্যবস্থাপনা, উন্নয়নে জবাবদিহি এবং উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিক অংশগ্রহণ ছিল সেই সময়ের মূল কাজ।

এই পর্বেই তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) খুলনা-যশোর ড্রেনেজ রিহ্যাবিলিটেশন প্রজেক্টকে (কেজেডিআরপি) ঘিরে গড়ে ওঠা সামাজিক আন্দোলন ও অধিপরামর্শের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন। যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকার মানুষের দুর্ভোগ তাকে গভীরভাবে নাড়া দেয়। খুলনার কয়রায় সুন্দরবনের কোল ঘেঁষে বসবাসকারী মুন্ডা জনগোষ্ঠীর মানবেতর জীবনযাত্রা এবং মাওয়ালি-বাওয়ালিদের জীবিকার লড়াই মানুষের আর্থসামাজিক জীবন গভীরভাবে পর্যবেক্ষণে তাকে উৎসাহ জোগায়।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জনগোষ্ঠীর স্বার্থ আর প্রাতিষ্ঠানিক জবাবদিহির সম্পর্ক তিনি দেখেছেন একেবারে কাছ থেকে। জননীতি, পরিবেশগত টেকসইতা এবং প্রান্তিক মানুষের দৈনন্দিন বাস্তবতা সম্পর্কে তার উপলব্ধি গভীর হয়েছে এ সময়েই। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ‘ন্যাশনাল জুট প্রটেকশন গ্রুপ’-নামের একটি ফোরামে তিনি সক্রিয় ছিলেন কনিষ্ঠ সদস্য হিসেবে।

কাজের স্বীকৃতিও মিলেছে সেই সময়েই। ২০১২ সালে তিনি ‘ওয়ার্ল্ড ক্লিনআপ ক্যাম্পেইন’-এর বাংলাদেশ অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেন। প্রায় ৩৮ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশজুড়ে আয়োজিত সেই কর্মসূচির সাফল্যের জন্য এস্তোনিয়াভিত্তিক সংস্থা ‘লেটস ডু ইট’ তাঁকে স্বীকৃতিপত্র দেয়।

আন্তর্জাতিক পরিসরে

পেশাগত ও অধিপরামর্শ কাজের সূত্রে তিনি এশিয়া, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের আন্তর্জাতিক উন্নয়ন ও নাগরিক সমাজের ফোরামে অংশ নিয়েছেন। জাতিসংঘ, ওইসিডি, এডিবি, এশিয়া-প্যাসিফিক রিসার্চ নেটওয়ার্ক (এপিআরএন), এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক অন ফুড সিকিউরিটি (এপিএনএফএস) এবং রিয়েলিটি অব এইড নেটওয়ার্কসংশ্লিষ্ট আলোচনায় তিনি যুক্ত থেকেছেন। এসব আয়োজনের সূত্রে তাঁর যাতায়াত ছিল বুসান, কোপেনহেগেন, আক্রা, বালি, সিউল, ব্যাংকক, ম্যানিলা, কলম্বো, কাঠমান্ডু, সিয়েম রিপ এবং ভারতের একাধিক শহরে। উল্লেখযোগ্য কয়েকটি অভিজ্ঞতা:

•      ২০০৮ সালে থাইল্যান্ডে আইএপি ও চিয়াং মাই বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই সপ্তাহের আন্তর্জাতিক ভিডিও অ্যাডভোকেসি ফেলোশিপ সম্পন্ন করেন।

•      ২০০৮ সালে নর্থইস্ট এশিয়ান হিস্ট্রি ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কা বাঁধকেন্দ্রিক পানিবণ্টন চুক্তি ও দীর্ঘদিনের সমস্যা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, যা পরে আন্তর্জাতিক একটি গ্রন্থে প্রকাশিত হয়।

•      ২০০৮ সালে ঘানার আক্রায় ওইসিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আয়োজনে হাইলেভেল ফোরাম-৩-এ ডেলিগেট হিসেবে অংশ নেন।

•      ২০০৯ সালে ভারতে বালা বিকাশ আয়োজিত মাসব্যাপী কমিউনিটি-ড্রিভেন ডেভেলপমেন্ট (সিডিডি) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

•      ২০০৯ সালে বেঙ্গালুরুতে শতাধিক দেশের প্রতিনিধির অংশগ্রহণে ‘ইনফো অ্যাক্টিভিজম ক্যাম্প’-এ ফেলো হিসেবে অংশ নেন।

•      ২০০৯ সালে বালিতে এডিবির বার্ষিক সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন নেগোসিয়েশন মিটিংয়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন।

•      ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-১৫) বৈশ্বিক জলবায়ু সংলাপে যুক্ত হন।

•      ২০১১ সালে কোরিয়ার বুসানে হাইলেভেল ফোরাম-৪-এ অংশগ্রহণ করেন এবং বৈশ্বিক পর্যায়ে কার্যকর অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা আলোচনার অংশ হন।

•      ২০১২ সালে ভারতের হায়দরাবাদে জৈববৈচিত্র্য সনদের (সিবিডি) কপ-১২-তে ডেলিগেট হিসেবে অংশ নেন।

এমন আরও অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা উন্নয়ন সহযোগিতা, জলবায়ু ন্যায়বিচার, আঞ্চলিক সংহতি এবং জননীতি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছে।

মাঠ থেকে ব্যাংকে

২০১৩ সালে তিনি ব্যাংকিং পেশায় যোগ দেন। সিটিব্যাংক ও যমুনা ব্যাংকের অভিজ্ঞতার পর এখন কাজ করছেন প্রাইম ব্যাংকে। বর্তমানে তিনি প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং ইউনিটের প্রধান। এখানে তিনি হেড অব ব্রাঞ্চ অ্যান্ড সাব-ব্রাঞ্চ প্রজেক্টস হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যাকটিং হেড অব রেমিট্যান্স ব্যাংকিংয়ের দায়িত্ব পালনকালে ব্যাংকে ওয়ান-স্টপ রেমিট্যান্স সার্ভিস চালুর উদ্যোগ নেন। পরে ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিংয়ের দায়িত্ব নিয়ে বৈচিত্র্যময় কর্মপদ্ধতির মাধ্যমে দেশব্যাপী ব্যাংকের ব্র্যান্ড-ইমেজ ও অবস্থান গড়ে তুলতে ভূমিকা রাখেন। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে তিনি প্রাইম ব্যাংকের ভবিষ্যৎ গ্রাহক তৈরিতে ভূমিকা রেখে চলেছেন।

রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, আর্থিক অন্তর্ভুক্তির কৌশল, রেমিট্যান্স ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা—এগুলোই তাঁর কাজের মূল ক্ষেত্র। ব্যাংকিং ও পেশাগত দায়িত্ব পালনে তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। উন্নয়ন ও ব্যাংকিং মিলিয়ে তাঁর পেশাগত অভিজ্ঞতা এখন ২৩ বছরের বেশি।

চারটি ধারণা

১. দ্য গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পারসোনাল মানি ম্যানেজমেন্ট

আয় বাড়লেই কি জীবন নিরাপদ হয়? অভিজ্ঞতা বলে, হয় না। বহু মানুষ ভালো আয় করেও ঋণের চক্রে ঘোরেন, আবার অনেকে সীমিত আয়েই গড়ে তোলেন মর্যাদাপূর্ণ ও দুশ্চিন্তাহীন জীবন। পার্থক্যটা আয়ের অঙ্কে নয়, দৃষ্টিভঙ্গিতে। এই উপলব্ধি থেকেই মাহবুব হাসান উপস্থাপন করেছেন ‘দ্য গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পারসোনাল মানি ম্যানেজমেন্ট’। এটি একটি জীবনচক্রভিত্তিক অর্থ ব্যবস্থাপনা দর্শন, যেখানে আজকের প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে দেখা হয় ভবিষ্যতের অভিজ্ঞ ‘দাদা আমি’র চোখ দিয়ে।

মানুষের সমগ্র আর্থিক জীবনকে তিনি ভাগ করেছেন সাতটি সুনির্দিষ্ট ধাপে—শৈশবের পকেট মানি থেকে বার্ধক্যের উত্তরাধিকার পর্যন্ত। প্রতিটি ধাপে কী করতে হবে আর কী এড়াতে হবে, তা বোঝানো হয়েছে বাস্তবধর্মী ইতিবাচক ও নেতিবাচক উদাহরণ, ধাপভিত্তিক বাজেট, অ্যাকশন প্ল্যান আর প্রতিটি অধ্যায়ের শেষে ‘দাদার চিঠি’র মাধ্যমে। দীর্ঘ পর্যবেক্ষণ, মাঠের অভিজ্ঞতা ও গবেষণার ফসল এই ধারণা বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতাকে কেন্দ্রে রেখে গড়ে উঠেছে। প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ কর্মসূচির মাধ্যমে তিনি প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এই ধারণা তুলে ধরেন, এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সাড়া পেয়েছে। শিক্ষার্থী থেকে প্রবীণ, জীবনের সব পর্যায়ের মানুষকে মাথায় রেখে ধারণাটি সাজানো।

২. ইনক্লুসিভ ব্যাংকিং গার্ডেন

প্রতিবন্ধী মানুষকে ব্যাংকসেবার বাইরে রাখে ঢালু পথ বা প্রযুক্তির অভাবের চেয়েও বড় একটি দেয়াল—মানসিকতার দেয়াল। সেই দেয়াল ভাঙার সহজ ও অংশগ্রহণমূলক প্রশিক্ষণকৌশল হিসেবে তিনি দাঁড় করিয়েছেন ‘ইনক্লুসিভ ব্যাংকিং গার্ডেন’। এটি তিনটি গাছের একটি বাগান: প্রবলেম ট্রি বা সমস্যা-বৃক্ষ, অ্যাকশন ট্রি বা কর্ম-বৃক্ষ এবং সলিউশন ট্রি বা সমাধান-বৃক্ষ। এর জন্য দামি যন্ত্র লাগে না; লাগে একটি দেয়াল, কিছু রঙিন কার্ড আর খোলা মন।

উন্নয়ন গবেষণায় প্রবলেম ট্রি বিশ্লেষণ পরিচিত পদ্ধতি; মাঠপর্যায়ের কাজে তিনি এটি বহুবার ব্যবহার করেছেন। কিন্তু প্রশিক্ষণকক্ষে দেখেছেন, শুধু সমস্যা চিহ্নিত করলে আলোচনা হতাশায় আটকে যায়। তখন প্রশ্ন জাগে, সমস্যা আর সমাধানের মাঝখানের জায়গাটি কার? উত্তর: যিনি সেবা দেন, তাঁর। তাই মাঝখানে যুক্ত হলো ‘আমি কী করব’ প্রশ্নের অ্যাকশন ট্রি, আর শেষে ‘কী বদলাবে’ প্রশ্নের সলিউশন ট্রি। এভাবে বাধা চিহ্নিত করা থেকে সমাধানে পৌঁছানোর পুরো যাত্রা একটি দেয়ালে দৃশ্যমান হয়ে উঠল।

ধারণাটির বৈশিষ্ট্য এর সরলতা। প্রশিক্ষণকক্ষে অংশগ্রহণকারীরা রঙিন কার্ডে নিজেদের ভাবনা লিখে দেয়ালে সাজান। ফলে সমস্যা কেবল অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জায়গা থাকে না; প্রত্যেকে দেখতে পান, প্রতিবন্ধী গ্রাহকের পাশে দাঁড়াতে তাঁর নিজের ভূমিকা কী হতে পারে। দেয়ালটি দলগত চিন্তার দৃশ্যমান রূপ হয়ে ওঠে।

২০২৬ সালের ১২ থেকে ১৫ অক্টোবর ইন্দোনেশিয়ার সুরাবায়ায় আইটিএস (ইনস্টিটিউট টেকনোলজি সেপুলুহ নোপেম্বার) ও অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চার দিনের প্রশিক্ষক-প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়। শিরোনাম ‘ব্রেকিং অ্যাটিচুডিনাল ব্যারিয়ারস: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’। সেখানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে যোগ দিয়ে তিনি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই কাঠামো উপস্থাপন করেন। সম্প্রতি মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া থেকে তিনি ‘ট্রেইনার অ্যান্ড ব্যাংকিং প্র্যাকটিশনার’ হিসেবে সনদও পেয়েছেন।

৩. ইমপ্যাক্টফুল সোশ্যাল রিলেশনশিপ (আইএসআর)

আইএসআর হলো সচেতনভাবে এমন সম্পর্ক বেছে নেওয়া ও লালন করা, যা তরুণের সৃজনশীলতাকে জাগিয়ে তোলে, ক্যারিয়ারকে এগিয়ে নেয় এবং দক্ষতা বাড়ায়। এক লাইনে: আইএসআর = শেখা + সৃষ্টি + সহযোগিতা। কোনো সম্পর্কে নিয়মিত সময় দেওয়ার আগে নিজেকে তিনটি প্রশ্ন করা যায়: এই সম্পর্কে আমি কি কিছু শিখছি? এখান থেকে কি নতুন কিছু সৃষ্টি হচ্ছে? আমি কি সামনে এগোচ্ছি? তিনটির উত্তরই যদি দীর্ঘদিন ‘না’ হয়, তবে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

এই মাপকাঠিতে তরুণের সম্পর্ককে তিন ভাগে ভাগ করা যায়: গড়ে তোলা সম্পর্ক, যা শেখায়, সাহস দেয়, সুযোগের দরজা খুলে দেয়; নিরপেক্ষ সম্পর্ক, যা আনন্দ দেয় কিন্তু জীবনে বড় পরিবর্তন আনে না; আর ক্ষয়িষ্ণু সম্পর্ক, যা সময়, অর্থ ও মনোবল কেড়ে নেয়, এমনকি মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। লক্ষ্য প্রথমটি বাড়ানো, দ্বিতীয়টি পরিমিত রাখা এবং তৃতীয়টি থেকে ধীরে ধীরে সরে আসা। লক্ষ্যভিত্তিক সম্পর্ক বাছাই, অন্তত একজন মেন্টর, গ্রোথ সার্কেল, সময়ের হিসাব ও সীমারেখা, ডিজিটাল শৃঙ্খলা, দেওয়ার মানসিকতা এবং পরিবার ও মূল্যবোধের ভিত্তি—এই সাতটি বিষয়ের মাধ্যমে তরুণেরা সম্পর্কের খুঁটিনাটি বুঝতে পারেন।

৪. লিডারশিপ ডেভেলপমেন্ট ইফেক্টিভনেস

গ্র্যান্ডফাদার কনসেপ্টের আগে তিনি প্রশিক্ষণের জগতে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই ধারণাটি। এর কেন্দ্রে একটি সহজ প্রশ্ন: একই প্রতিষ্ঠানে, একই পণ্য আর একই বাজারে কাজ করেও কেন কেউ শীর্ষে পৌঁছান, আর কেউ পিছিয়ে থাকেন? এই ফারাক ঘোচানোর পথ হিসেবে ধারণাটি সামনে আনে পরিকল্পিত ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নকে।

এর আওতায় প্রাধান্য পেয়েছে চারটি বিষয়। সেলস চ্যাম্পিয়নশিপ শেখায় বিক্রয়ের মানসিকতা ও কৌশল। পোর্টফোলিও ম্যানেজমেন্ট শেখায় নিজের গ্রাহক ও ব্যবসার পোর্টফোলিও গুছিয়ে সামলাতে। ইফেক্টিভ কমিউনিকেশন গ্রাহকের সঙ্গে স্পষ্ট ও আস্থাজাগানো যোগাযোগের সক্ষমতা গড়ে তোলে। আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট শেখায় সম্পর্ককে লেনদেনের গণ্ডি ছাড়িয়ে দীর্ঘমেয়াদি আস্থায় রূপ দিতে। চারটি বিষয় একসঙ্গে কাজ করে বলেই একজন কর্মী কেবল বিক্রি নয়, সম্পর্ক ও ব্যবসা দুটোই বাড়াতে শেখেন।

প্রশিক্ষণটি বিশেষভাবে সাজানো ফ্রন্টলাইনার, রিলেশনশিপ ম্যানেজার, সেলস ম্যানেজার ও গ্রাহকের মুখোমুখি কর্মীদের জন্য, অর্থাৎ যাঁরা প্রতিষ্ঠানের মুখ। এর লক্ষ্য একটাই: একজন দুর্বল পারফরমার যেন ধাপে ধাপে শীর্ষ পারফরমার হয়ে উঠতে পারেন।

কলাম ও গ্রন্থের জগৎ

আজ তিনি প্রথম আলো, বণিক বার্তা, কালবেলা, সমকাল, দ্য ডেইলি স্টার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ঢাকা ট্রিবিউন, নিউ এজ ও ডেইলি সানসহ দেশের বিভিন্ন বাংলা ও ইংরেজি দৈনিকের কলাম লেখক। আর্থিক অন্তর্ভুক্তি, খেলাপি ঋণ, এআই, ডিজিটাল ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা, জলবায়ু পরিবর্তন, নারী উন্নয়ন এবং বাংলাদেশের নানামুখী উন্নয়ন অর্থনীতি তাঁর লেখার প্রধান বিষয়। জটিল অর্থনৈতিক প্রশ্নকে সাধারণ পাঠকের কাছে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টাই তাঁর লেখার বৈশিষ্ট্য।

গবেষণা ও কলামের বাইরে তিনি রোমান্টিক উপন্যাস ‘প্রথম প্রেমের স্পর্শ’-এর লেখক। সংঘাত নিরসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা নিয়ে একটি আন্তর্জাতিক প্রকাশনায়ও তাঁর অবদান রয়েছে, যেখানে ফারাক্কা বাঁধকেন্দ্রিক পানিবিরোধে নাগরিক সমাজের ভূমিকা উঠে এসেছে। ‘ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা: জীবনের ৭ ধাপ’ বইটিতে গ্র্যান্ডফাদার কনসেপ্ট পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।

তাঁর লেখা ও প্রশিক্ষণ—দুই ক্ষেত্রেই একটি মিল চোখে পড়ে। উন্নয়ন গবেষণার কঠোর বিশ্লেষণ তিনি মিলিয়ে দেন মাঠের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে, তারপর তা পরিবেশন করেন এমন ভাষায়, যা একজন শিক্ষার্থী, একজন ব্যাংককর্মী কিংবা একজন সাধারণ পাঠক সহজেই ধরতে পারেন। তাত্ত্বিক ভারী কথার বদলে তিনি বেছে নেন গল্প, উদাহরণ আর হাতেকলমে করার মতো কাঠামো।

যে বিশ্বাস থেকে এই পথচলা

মাহবুব হাসান বিশ্বাস করেন, শুধু মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি নয়, প্রত্যেক নাগরিকের আর্থিক সচেতনতাই একটি সমৃদ্ধ রাষ্ট্রের প্রকৃত ভিত্তি। তাঁর গবেষণা ও আগ্রহের পরিসরও সেই বিশ্বাসেরই প্রতিফলন: ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা ও আর্থিক সাক্ষরতা, আর্থিক অন্তর্ভুক্তি ও এজেন্ট ব্যাংকিং, স্কুল ব্যাংকিং ও তরুণদের আর্থিক ক্ষমতায়ন, প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা, প্রবাসী আয় ও ক্ষুদ্র বিনিয়োগ, এবং উন্নয়ন ও জলবায়ু ন্যায়বিচার।

মাঠের উন্নয়নকর্মী থেকে বিভিন্ন ক্ষেত্রে নীতিনির্ধারক, শ্রেণিকক্ষের প্রশিক্ষক থেকে কলামলেখক—ভূমিকা বদলেছে, কিন্তু প্রশ্নটা একই থেকে গেছে: সাধারণ মানুষ কীভাবে আরও সচেতন, আরও অন্তর্ভুক্ত, আরও আত্মবিশ্বাসী হবে? চারটি ধারণা সেই প্রশ্নেরই চারটি উত্তর, যা তিনি তুলে দিতে চান উদ্যমী তরুণ সমাজ ও পেশাজীবীদের হাতে—বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও।