আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক জড়িত ছিল বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বুধবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে (জিএমটি রাত ৮টা) ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটে ধীরগতিতে চলা বা থেমে থাকা কয়েকটি গাড়িকে আঘাত করে। একপর্যায়ে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুর্ঘটনার পর উদ্ধার ও পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা এবং বিশেষায়িত দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের পাশাপাশি কয়েকটি দেশের বিদেশি নাগরিকও রয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।