 নিউমোনিয়া প্রতিরোধ

বাবল সিপ্যাপ পদ্ধতি সম্প্রসারিত হোক

সাধারণত শীতকালে কিংবা ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে নিউমোনিয়ার প্রকোপ দেখা দেয়। বিশেষ করে শিশু এবং প্রবীণদের এই নীরব ঘাতক ব্যাধিতে সবচেয়ে বেশি আক্রান্ত হতে দেখা যায়। ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবসে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নিউমোনিয়ায় প্রতিদিন গড়ে মৃত্যু হয় প্রায় ৬৬ শিশুর। তবে বয়স্কদের কতজনের এতে মৃত্যু হয়, তার নির্দিষ্ট তথ্য জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, অপুষ্টি, টিকাদানের ঘাটতি, বায়ুদূষণ, ধূমপান, দীর্ঘমেয়াদি রোগ এবং চিকিৎসা পেতে দেরি হওয়ায় নিউমোনিয়া প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আমরা জানি, নিউমোনিয়া প্রতিরোধ-প্রতিকারযোগ্য রোগ। কিন্তু এরপরও দেশে নিউমোনিয়ায় আক্রান্ত ও মৃত্যু হারের তথ্য আমাদের উৎকণ্ঠিত না করে পারে না। বি স্বাস্থ্য সংস্থার মতে, এটি এখনো বিজুড়ে শিশুমৃত্যুর অন্যতম প্রধান সংক্রামক কারণ, যা অত্যন্ত উদ্বেগজনক।

আমরা জানি, নিউমোনিয়া মূলত ফুসফুসের বায়ুথলির একটি তীব্র সংক্রমণজনিত প্রদাহ। ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের আক্রমণে ফুসফুসে তরল বা পুঁজ জমে যায়, যার ফলে রক্তে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং রোগীর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। আমাদের অভিজ্ঞতায় আছে, প্রাথমিক অবস্থায় সাধারণ সর্দি-কাশি ভেবে অনেকেই এই রোগকে অবহেলা করেন। সময়মতো চিকিৎসকের শরণাপন্ন না হওয়া এবং ফার্মেসি থেকে অপ্রয়োজনীয় বা অসম্পূর্ণ ডোজের অ্যান্টিবায়োটিক সেবনের ফলে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে। চিকিৎসকদের মতে, নিউমোনিয়ার কয়েকটি পর্যায় রয়েছে। এর মধ্যে ব্রঙ্কোপোনিউমোনিয়া, লোবার নিউমোনিয়া গুরুতর। এবার নিউমোনিয়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগ’। এও আমাদের জানা যে, দিবস পালনের উদ্দেশ্য হলো জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্দিষ্টি সমস্যা-সংকটের বিষয়ে মনোযোগ গভীর করা। প্রাণঘাতী অথচ প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়লে এবং আক্রান্তকে দ্রুত শনাক্ত করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে জীবনরক্ষার পথ অনেকটাই সুগম হয়। াসতন্ত্রের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সময়মতো টিকা, সঠিক পুষ্টি ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, এই আশাবাদী অভিমতের প্রতিফলন যাতে সমাজে সচেতনতা বাড়াতে পারে সেই লক্ষ্যে শুধু সরকারি পর্যায়েই নয়, সামাজিকভাবেও উদ্যোগ নিতে হবে। আমরা মনে করি, ব্যক্তিগত সচেতনতা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থার সমন্বিত পদক্ষেপই পারে এই রোগের ভয়াবহতা ও অকালমৃত্যু রোধ করতে।

অত্যন্ত আশাব্যঞ্জক বার্তা যে, নিউমোনিয়া থেকে জীবন রক্ষায় স্বল্প খরচের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. মোহাম্মদ জোবায়ের চিশতী। আমরা তাকে অভিনন্দন জানাই। তার এই পদ্ধতির নাম বাবল সিপ্যাপ। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড অক্সিজেন থেরাপির তুলনায় প্রায় ৭৫ শতাংশ মৃত্যুহার হ্রাস করতে সক্ষম। এই ডিভাইসটি ইথিওপিয়ার ১৬টি হাসপাতালে সফলভাবে ব্যবহার করা হচ্ছে। দেশে তার সাফল্যের সুফল যাতে সবাই পেতে পারেন এ জন্য এর সর্বত্র সম্প্রসারণ জরুরি। আমরা আশা করি সরকার ও সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সহযোগিতার হাত প্রসারিত হবে ড. মোহাম্মদ জোবায়ের চিশতীর দিকে। বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়ার শিশুদের জীবনরক্ষায় বাবল সিপ্যাপ খুবই কার্যকরী পদ্ধতি। সারা দেশের সব হাসপাতালে এটি চালু করা গেলে প্রতি বছর নিউমোনিয়া আক্রান্ত শিশুর জীবন রক্ষা সম্ভব হবে।  এ পদ্ধতিতে খরচ হয় মাত্র ৩০০ টাকা। দেশের প্রতিটি হাসপাতালে তা প্রসারিত করে সবার প্রাপ্যতা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। একই সঙ্গে নিউমোনিয়া প্রতিরোধে টিকাদান, মায়ের বুকের দুধ, পুষ্টি নিশ্চিত করা, বায়ুদূষণ কমানো, পরিচ্ছন্নতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

নিউমোনিয়ার সবচেয়ে সাধারণ উপসর্গ হলো দীর্ঘস্থায়ী কাশি। কাশির সঙ্গে ঘন শ্লেষ্মা বা কফ বের হয়, যা হলুদ, সবুজ কিংবা কখনো রক্তমিশ্রিত হতে পারে। এই বিষয়গুলো সাধারণ মানুষের জ্ঞাতার্থে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রচার জোরদার করা দরকার। নিউমোনিয়ার চিকিৎসা নিতে বিলম্বিত হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকট হয়ে ওঠে এবং তাতে ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট হতে পারে। শিশু, বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বল কিংবা তুলনামূলক কম প্রতিরোধ ক্ষমতাসম্পন্নদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। সঠিক সময়ে এবং নিয়মমতো চিকিৎসা করা হলে নিউমোনিয়া পুরোপুরি নিরাময় হয়।