অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করবে না মেটা

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকের কার্যপদ্ধতিতে আনা এক বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এসেছে মেটা। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো প্ল্যাটফর্মগুলোর মূল কোম্পানি মেটা তাদের বিভিন্ন মাধ্যমে ব্যবসাসংক্রান্ত অ্যাকাউন্ট পরিচালনা করা গ্রাহকদের জন্য নতুন কিছু শর্ত ঘোষণা করার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিল। প্রাথমিক সেই নিয়ম অনুসারে, ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইট থেকে ডেটা ‘স্ক্র্যাপ’ বা সংগ্রহ করার ও পরবর্তী সময় মেটার নিজস্ব এআই মডেল প্রশিক্ষণে তা ব্যবহারের এখতিয়ার ফেসবুক ও ইনস্টাগ্রামকে দেওয়া হয়েছিল। অক্টোবরের মাঝামাঝিতে এই আপডেটেড শর্তাবলির খবর প্রকাশ্যে আসার পরই বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ সমালোচকরা মেটার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। ব্যবহারকারীদের তৈরি কাজ বা ডেটা যেন সরাসরি এআই সিস্টেমে অন্তর্ভুক্ত করার ভয় দূর হয়, সে উদ্দেশ্যে নতুন নিয়মাবলি থেকে ‘ট্রেইন’ বা প্রশিক্ষণ শব্দ মুছেছে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি। অবশেষে নির্ধারিত সময়সীমা পিছিয়ে দিয়ে ব্যবসায়িক অ্যাকাউন্ট সংক্রান্ত বিতর্কিত বিভিন্ন আপডেট আপাতত ‘স্থগিতের’ ঘোষণা দিয়েছে মেটা।

এর আগে, মেটা ঘোষণা করেছিল, আগামী ২০ নভেম্বর থেকে এসব নতুন নিয়ম কার্যকর হবে। ৩০ অক্টোবর চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হলেও তীব্র প্রতিবাদের মুখে তা বারবার পেছাতে বাধ্য হয় কোম্পানিটি। মেটার বিজনেস হেল্প সেন্টারের এক আপডেটেড পাতায় বলা হয়েছে, ‘আমরা সংশ্লিষ্ট পার্টনারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি ও এ বিষয়ে জানানোর মতো নতুন কিছু থাকলে পরবর্তী সময় বিস্তারিত আপডেট দেওয়া হবে। এর পাশাপাশি আমাদের প্রচলিত শর্তাবলিই বহাল থাকছে।’