মনোযোগের চাবি থাকুক নিজের হাতে

হাতের মোবাইল ফোন ‘স্মার্ট’ হয়েছে আর আমাদের মন হয়েছে ব্যস্ত চৌরাস্তা। রিলস ছুটছে, নোটিফিকেশন হর্ন বাজাচ্ছে, শো-অফের গাড়িও থামছে না। মাঝখানে বই হাতে শৈশব, রাস্তা পার হওয়ার অপেক্ষায়। সন্তানকে স্ক্রিন ধরিয়ে আমরা শান্তি কিনেছিলাম, এখন তার মনোযোগ খুঁজছি পাগলের মতো। ইউরোপ যখন শ্রেণিকক্ষে বই ফেরাতে চাইছে, তখন আমাদেরও ভাবার সময় হয়েছে : সন্তানের হাতে ফোন দিয়েছি, কিন্তু তার সময় আর মনোযোগের নিয়ন্ত্রণ দিয়েছি কার হাতে? বাচ্চা খেতে চায় না? ফোন দিন। কান্না করছে? ইউটিউব চালান। অতিথির সামনে দুষ্টুমি করছে? একটা গেম ধরিয়ে দিন। তারপর সেই বাচ্চা বড় হলে আমরা অবাক হয়ে বলি, ‘সারাক্ষণ ফোনে কেন তুমি’? বাংলাদেশের অনেক পরিবারে স্মার্টফোন এখন ডিজিটাল বুয়া। পার্থক্য হলো, এই বুয়া বেতন নেয় না, নেয় মনোযোগ। শিশুকে শান্ত রাখতে গিয়ে আমরা কখন যে তার অবসর, বিরক্তি, কৌতূহল আর একা কিছু আবিষ্কারের সময়টুকুও পর্দার কাছে জমা রাখছি, খেয়াল করি না।

এই কথায় জেন-জি কিংবা জেন-আলফাকে কাঠগড়ায় তোলার কিছু নেই। যে বাড়িতে বাবা খেতে বসে ফেসবুক দেখেন, মা ঘুমানোর আগে রিলস দেখেন, সেখানে সন্তানকে বই ধরিয়ে সভ্যতার শেষ প্রহরী বানানো কঠিন। মিলেনিয়াল ও প্রবীণদের আগে স্বীকার করতে হবে, ছোটদের ডিজিটাল অভ্যাসের স্থপতি অনেকাংশে আমরাই। তাদের হাতে যন্ত্র দিয়েছি, কিন্তু ব্যবহার মানচিত্র দিইনি। পথ হারালে পথিকের কী দোষ? ইংল্যান্ডের সাম্প্রতিক সিদ্ধান্তটি এই জায়গায় জরুরি। ১০ নভেম্বর ঘোষিত উদ্যোগ অনুযায়ী, স্কুলে ফোন শুধু নীরব করে ব্যাগে রাখলেই চলবে না। পুরো স্কুল সময় সেটি শিক্ষার্থীর নাগালের বাইরে রাখতে হবে। সংশোধিত নির্দেশনা কার্যকর হওয়ার কথা সেপ্টেম্বর ২০২৭ থেকে। জমা নেওয়া, নিরাপদ সংরক্ষণ বা তালাবদ্ধ পাউচ ব্যবহারের মতো ব্যবস্থা থাকবে। বিষয়টি গোটা যুক্তরাজ্যের অভিন্ন নিয়ম নয়, ইংল্যান্ডের নীতি। স্কুলে ফোন আনা এবং হাতে পাওয়ার মধ্যে পার্থক্যটিও এখানে গুরুত্বপূর্ণ। সুইডেনও শিক্ষায় পর্দার ভূমিকা নতুন করে বিচার করছে। দেশটি পাঠ্যবই ও স্কুল লাইব্রেরিতে বিনিয়োগ বাড়িয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে প্রাক-প্রাথমিক শিক্ষাক্রমে ডিজিটাল উপকরণ ব্যবহারের বাধ্যবাধকতা সরিয়েছে। দুই বছরের কম বয়সীদের জন্য বইয়ের মতো নন-ডিজিটাল স্ক্রিন (পর্দাবিহীন) উপকরণকে প্রাধান্য দিয়েছে। তাদের বার্তা পরিষ্কার : শিশুর শেখার উপকার যেখানে প্রমাণিত, প্রযুক্তি সেখানে আসবে। শুধু যন্ত্র আছে বলেই সেটিকে শিক্ষার কেন্দ্রে বসাতে হবে না।

ইউরোপ পুরনো যুগে ফিরছে না, বরং প্রযুক্তির সুফলকে প্রমাণের সামনে দাঁড় করাচ্ছে। চকমকে ডিজিটাল স্ক্রিন মানেই উন্নত শিক্ষা, এই ধারণা প্রশ্নের মুখে। বই, হাতের লেখা ও মুখোমুখি আলাপ ফেরানোর চেষ্টা শিক্ষার নিয়ন্ত্রণ শিক্ষক ও শিক্ষার্থীর হাতে রাখার উদ্যোগ। ইঞ্জিন

থাকবে, তবে গন্তব্য ঠিক করবে মানুষ। যোগাযোগবিদ্যার মানুষ বলে জানি, নিউ মিডিয়ার এসব সমস্যার কেন্দ্রে আছে মনোযোগের বাজার। শিশুর বিকেল হতে পারে খেলা বা গল্পের সময়, প্ল্যাটফর্মের কাছে সেটি তাকে ধরে রাখার সুযোগ। স্বয়ংক্রিয় ভিডিও, অন্তহীন স্ক্রল আর নোটিফিকেশনের দোকান কখনো বন্ধ হয় না। সেখানে বড়রাও আটকে যান, অথচ আত্মনিয়ন্ত্রণের অভাবের দোষ পড়ে শিশুদের ওপর। গবেষণাও সতর্ক করছে আমাদের। ইউনেসকোর ২০২৩ সালের শিক্ষা প্রতিবেদনে প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য, প্রমাণ ও শিক্ষকের ভূমিকায় জোর দেওয়া হয়েছে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের গবেষণায় ইংল্যান্ডের চার শহরে ফোন নিষেধাজ্ঞার পর পরীক্ষার ফলের উন্নতি দেখা গেছে, বিশেষত পিছিয়ে থাকা শিক্ষার্থীদের। মনোযোগ রক্ষা তাই শিক্ষায় সমতার প্রশ্নও। তবে নিষেধাজ্ঞাকে জাদুর কাঠি ভাবার সুযোগ নেই। ২০২৫ সালে প্রকাশিত ‘স্মার্ট স্কুলস’ গবেষণায় ইংল্যান্ডের ৩০ স্কুলের বারোশর বেশি কিশোর-কিশোরীকে পর্যবেক্ষণ করা হয়। কড়াকড়ির স্কুলে স্কুলসময়ের ফোন ব্যবহার কম ছিল, কিন্তু সামগ্রিক ব্যবহার বা মানসিক সুস্থতায় স্পষ্ট পার্থক্য পাওয়া যায়নি। এটি পর্যবেক্ষণমূলক গবেষণা, চূড়ান্ত কার্যকারণ পরীক্ষা নয়। তবু শিক্ষা পরিষ্কার : স্কুলের দরজা বন্ধ করে বাড়ির জানালা খোলা রাখলে স্ক্রলিংয়ের হাওয়া ঢুকবেই। পরিবারের অংশগ্রহণ ছাড়া নীতি অসম্পূর্ণ।

বাংলাদেশে এই সতর্কতা বিশেষ প্রয়োজন। আমাদের বহু পরিবারের বসার ঘরই পড়ার ঘর, টেলিভিশনের ঘর এবং অনলাইন ক্লাসের জায়গা। একই ফোনে শিক্ষকের নোট আসে, বন্ধুর বার্তা আসে, বিনোদনের ডাকও আসে। স্ত্রীকে পাঠানো স্বামীর বার্তার প্রেরক হয়ে যায় ঘরের শিশুরাও। পড়ার টেবিলে তাই শুধু বই থাকে না, গোটা একটা ডিজিটাল হাট বসে। যে শিক্ষার্থীর আলাদা ঘর বা সহায়ক পরিবেশ নেই, তার কাছে নিরবচ্ছিন্ন মনোযোগ আরও দামি সম্পদ। শিক্ষা আধুনিক করার নামে সেটি খরচ করার আগে আমাদের হিসাব চাই। তার মানে ইন্টারনেটের দরজা বন্ধ করা নয়। বাংলা ভাষায় ভালো পাঠ, দূরের শিক্ষকের ব্যাখ্যা, উচ্চারণ শেখা, বিজ্ঞান দেখা, প্রতিবন্ধী শিক্ষার্থীর সহায়ক উপকরণ, এসবের প্রয়োজন বাস্তব। নিউ মিডিয়ার সঙ্গে আত্মীকরণ মানে কেবল অ্যাপ চালাতে জানা নয়। কখন ঢুকব, কী করব, কখন বের হব, সেটিও শেখা। বাজারে গিয়ে কেনাকাটা করা আর সারাদিন অনলাইনের বাজারে ঘুরে বেড়ানো এক অভ্যাস নয়। ডিজিটাল দক্ষতার সঙ্গে এই পার্থক্য বোঝানোর শিক্ষাও দিতে হবে। সেই শিক্ষায় তিনটি প্রশ্ন কাজে আসতে পারে। কী শিখতে ডিভাইস খুলছি? কতক্ষণ ব্যবহার করব? শেষে কী তৈরি বা ব্যাখ্যা করতে পারব? একটি ভিডিও দেখে নিজের ভাষায় সারাংশ লেখা, তথ্যের উৎস মেলানো কিংবা ছোট প্রতিবেদন বানানো সক্রিয় শেখা। পরের ভিডিও নিজে থেকে চালু হয়ে যাওয়া শেখার নিশ্চয়তা নয়। বয়স অনুযায়ী ভুয়া খবর, বিজ্ঞাপনের কৌশল, গোপনীয়তা ও এআইয়ের ভুল চেনানো দরকার। শিক্ষার্থী যেন প্রযুক্তির ব্যবহারকারী হয়, কেবল দর্শক হয়ে না থাকে।

বড়দেরও আয়নায় তাকাতে হবে। শিশুকে বলব, অপরিচিত কাউকে ছবি দেবে না, অথচ নিজেরাই তার স্কুল, জন্মদিন, দৈনন্দিন চলাচল প্রকাশ করব, তা হয় না। সন্তান পড়তে বসলে পরিবারের অন্যরা কিছুক্ষণ ফোন সরিয়ে বই বা খবরের কাগজ পড়তে পারেন। নীতিকথার চেয়ে দৃশ্যমান অভ্যাসের শক্তি বেশি। ঘরে যদি প্রতিটি বিরতি পর্দা দিয়ে ভরাট হয়, শিশু শিখবে অবসর মানেই স্ক্রিন। অথচ অবসর থেকেই অনেক প্রশ্ন, খেলা ও গল্পের জন্ম হয়। এই ভাবনার মধ্যে কিছুদিন আগে দুই পাঠিকার প্রশ্ন আমাকে

থামিয়েছে। একজনের বয়স পঁচিশের কোঠায়, অন্যজনের দশ। একজন তরুণী, অন্যজন কিশোরী। দুজনেরই অভিযোগ, পাঠ্যবইয়ের পড়া মনে রাখতে পারছেন না। কথায় বোঝা গেল, মোবাইল তাদের দিনের বড় অংশ দখল করে আছে। আমার মনে প্রশ্ন জাগল, ফোনের এই টান কি মনোযোগ ও স্নায়ুর ওপর এমন চাপ ফেলছে, যাতে পড়া স্মৃতিতে জমার সুযোগই পাচ্ছে না? আমরা কি স্মৃতিচর্চার পরিবেশ হারাচ্ছি? প্রশ্নটি জরুরি, উত্তরটি সাবধানে দিতে হবে। দুজনের অভিজ্ঞতা দিয়ে একটি প্রজন্মের স্মৃতি কমে গেছে বলা যায় না। অতিরিক্ত ব্যবহার মানেই স্থায়ী স্নায়ুক্ষয়, এমন দাবিও প্রতিষ্ঠিত নয়। তবে পড়ার মধ্যে বারবার মন সরে গেলে তথ্য শেখা ব্যাহত হতে পারে। রাতের ডিভাইস ব্যবহার ও ঘুমের সমস্যার সম্পর্ক নিয়েও গবেষণা আছে। পর্যাপ্ত ঘুম ও খাদ্যাভ্যাস শেখা ও স্মৃতি গঠনে গুরুত্বপূর্ণ। পাশাপাশি মানসিক চাপ, পড়ার পদ্ধতি ও অন্য স্বাস্থ্যগত কারণও বিবেচনায় রাখতে হবে। কিছু স্কুল এতটাই ‘সৃজনশীল’ যে, সন্ধ্যা বা রাতেও হোয়াটসঅ্যাপে বাড়ির কাজ পাঠায়। করোনা বিদায় নিয়েছে, সঙ্গে যেন নিয়ে গেছে স্কুলের ডায়েরিতে পরদিনের কাজ লিখে আনার অভ্যাসটিও। শিশুদের ফোন ছাড়তে বলার আগে স্কুলকেও এই সংস্কৃতি বদলাতে হবে। সমাধান শুরু হোক ছোট অভ্যাসে। স্কুলে বই পড়া, খেলাধুলা, বিতর্ক ও গল্প বলার সময় বাড়–ক। বিশ্ববিদ্যালয়ে আলোচনার ভিত্তিতে ঠিক হোক মনোযোগ রক্ষার নিয়ম। ওই দুই পাঠিকাও অল্প পড়া, বই বন্ধ করে মনে করা এবং বিরতি দিয়ে পুনরাবৃত্তির চর্চা করতে পারেন। সমস্যা চললে প্রয়োজন পেশাগত মূল্যায়ন। ফোন পকেটে থাকুক, মনোযোগের চাবি থাকুক নিজের হাতে।

হয়তো বইয়ের পাতা এখনো আমাদের মন ফেরার অপেক্ষায় আছে। অপেক্ষায় আছে বিকেলের মাঠ, অসমাপ্ত গল্প আর খাবার টেবিলের আলাপও। তাদের জন্য একটু জায়গা ছেড়ে দিলে কী হয়! সন্তানকে স্ক্রল থামাতে বলার আগে নিজের আঙুলটা থামিয়ে দেখি। তারপরও হাত যদি বারবার ফোন হাতড়ায়, বুঝতে হবে, অভ্যাসের টান কতটা গভীরে। সেই টান ছাড়িয়ে একটি গল্পে ডুবে যাওয়ার, কারও কথা মন দিয়ে শোনার আনন্দ কি আবার ফিরে পাওয়া যাবে? সেই আনন্দের বিনিময়ে কিছু সতর্কবার্তা ছেড়ে দিতে পারলে হয়তো আমরাও বলতে পারব, দাও ফিরে সে মনোযোগ, লহ এ সতর্কবার্তা ।

লেখক : শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডক্টোরাল স্কলার, স্কুল অব জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন যাদবপুর বিশ্ববিদ্যালয়

rajibnandy@cu. ac. Bd