কালিয়াকৈরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরাল পুলিশ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বৃহস্পতিবার সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পোশাকশ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কর্মস্থল পোশাক কারখানার উদ্দেশে বের হন শ্রমিকরা। কিন্তু তারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৮টার দিকে কর্মস্থলে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করেন। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোর্ডমিল এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে মৌচাক এলাকায় আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্য সহকর্মীদের বের করতে আশপাশের অন্য কারখানার মূল ফটকে হামলা চালায়। এ ঘটনায় আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা, শিল্প পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর বেলা সোয়া ২টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টার পর আবারও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর-২ শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কয়েক বার মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। খবর পেয়ে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।