সিন্ডিকেটের ফাঁদে সরকার

ঢাকার মানুষকে স্বস্তি দিতে গিয়ে এলপিজি ব্যবসায়ীদের ফাঁদে পা দিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি মেনে বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু তাতেও ঢাকায় নির্ধারিত দামে এলপিজি মিলছে না। উল্টো চার্জ বাড়ানোর প্রভাব পড়েছে সারা দেশের বাজারে। আগে শুধু ঢাকার মানুষের পকেট ফাঁকা হতো, এখন সারা দেশের মানুষের পকেট কাটছে এলপিজি বাণিজ্য। বিইআরসি ঢাকার এলপিজি সিন্ডিকেটের খপ্পরে পড়ে চার্জ বাড়িয়ে সারা দেশের মানুষকে অস্বস্তিতে ফেলেছে বলে অভিযোগ ভোক্তাদের।

রাজধানীতে গত দুই মাস এলপিজির বাজারে বিশৃঙ্খলায় গ্রাহকের সঙ্গে সরকারও উদ্বিগ্ন হয়ে ওঠে। অক্টোবরে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার এলপিজি রাজধানীতে বিক্রি হয় ২ হাজার ৫০০ টাকায়। সাধারণ মানুষ এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানান। এ সমস্যা সমাধানে এলপিজি অপারেটর এমনকি ডিলারদের সঙ্গে সরকার বারবার বৈঠকে বসে। বৈঠকে খোদ জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। সেখানে ব্যবসায়ীরা সরকারকে কথা দেয়, তাদের বোতলিকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীদের চার্জ বাড়িয়ে দিলেই সরকার নির্ধারিত দামে তারা এলপিজি বিক্রি করবে। ভোক্তাদের কথা বিবেচনায় সরকার সেই অনুরোধ শুনে বিইআরসিকে চার্জ বৃদ্ধির অনুরোধ করে। এর প্রেক্ষিতে বিইআরসি গত ২৯ অক্টোবর ব্যবসায়ীদের নিয়ে গণশুনানি করে। এতে দেশের প্রায় সব এলপিজি ব্যবসায়ী জানান, তাদের দাবি মেনে নিলেই বিইআরসি ঘোষিত দামে এলপিজি বিক্রি করবে তারা। ঢাকার মানুষকে স্বস্তি দিতে বিইআরসি ব্যবসায়ীদের দাবি মেনে সব ধরনের চার্জ বৃদ্ধি করে এবং গত ২ নভেম্বর ১২ কেজির এলপিজি সিল্ডিারে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। কিন্তু ঢাকায় এলপিজির সরকারি দাম কার্যকর হয়নি। কোথাও কোথাও বেড়ে গেছে। অর্থাৎ, ঢাকার মানুষ যে অস্বস্তিতে ছিল, তা রয়েই গেছে। অন্যদিকে সারা দেশের এলপিজির দামও বেড়ে গেছে।

বিইআরসি অক্টোবর মাসে অপারেটর, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের প্রতিটি ১২ কোজির বোতল এলপিজি বিক্রিতে ২৮৬ টাকা ৪৪ পয়সা নানা ধরনের চার্জ দিত। নভেম্বরে প্রতি বোতলে সেই চার্জ বৃদ্ধি করে ৪৩৬ টাকা ৮ পয়সা করা হয়। সরল অঙ্কে এই বৃদ্ধির পরিমাণ ১৫০ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ, ৫২ দশমিক ৪৯ শতাংশ চার্জ বৃদ্ধি করা হয়েছে। নভেম্বরে এলপিজির দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব জায়গাতে এই চার্জ নেওয়া শুরু হয়েছে। কিন্তু ঢাকার এলপিজি বাজারে স্বস্তি ফেরেনি। তারা ঠিক আগের মতোই বেশি দামে এলপিজি বিক্রি করছে।

আগে একজন অপারেটর একটি ১২ কেজির বোতলে মজুতকরণ এবং বোতলজাতকরণ চার্জ পেত ১৯১ টাকা ৪ পয়সা এখন এটা বেড়ে হয়েছে ২৮১ টাকা ৭৬ পয়সা। একইভাবে পরিবেশকরা পেত ৫০ টাকা, এখন যা ৮৪ টাকা ৯৬ পয়সা এবং খুচরা বিক্রেতারা পেত ৪৫ টাকা এখন যা ৭০ টাকা ৬৯ পয়সা। সংশ্লিষ্টরা বলছেন, একটি সিলিন্ডার বিক্রি করে পরিবেশক ও খুচরা বিক্রেতা ৪৫০ থেকে ৫০০ টাকা মুনাফা করছে। কিন্তু তাকে সেই মুনাফা কমিয়ে আনতে বললে সে রাজি হবে না এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রেও তাই হয়েছে।

গত ১১ অক্টোবর দৈনিক দেশ রূপান্তর ‘সব সিন্ডিকেট ঢাকায়!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ঢাকাসহ খুলনা, বরিশাল, রাজশাহী ও নড়াইলের কালিয়া উপজেলার ভোক্তারা কত দামে এলপিজি কিনছেন, তা তুলে ধরা হয়। নভেম্বেরে এলপিজির দাম ঘোষণার পর দেশ রূপান্তর আবার একই গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়নসিংহর বিভাগীয় শহরের এলপিজির ভোক্তা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে সেখানকার এলপিজির দাম জানার চেষ্টা করে। দেখা গেছে, ব্যবসায়ীদের মিষ্টি কথায় ভুলে সরকার যে চার্জ বাড়িয়েছে, তা সঙ্গে সঙ্গেই সারা দেশে কার্যকর হয়ে গেছে। অর্থাৎ, এখন সবাইকে বাড়তি দামে এলপিজি কিনতে হচ্ছে।

ঢাকার এলপিজি ব্যবসায়ী তারেক পূর্ব রামপুরার মায়ের দোয়া এন্টারপ্রাইজ থেকে জানান, তিনি ১২ কেজির এলপিজি বিক্রি করছেন ২ হাজার ৫০০ টাকায়। স্থানীয় বাসিন্দা দিলরুবা সুলতানা জানান, দাম বৃদ্ধির আগে গত অক্টোবরে এই দোকান থেকে তিনি ২ হাজার ৬০০ টাকায় এলপিজি কিনেছিলেন। আবার নভেম্বরে দাম বাড়ার পর তিনি একই দোকান থেকে এলপিজি কিনেছেন ২ হাজার ৫০০ টাকায়। সরকার নির্ধারিত দামের তুলনায় এই দাম ৪৪০ টাকা বেশি।

রাজশাহীর বিসমিল্লাহ এন্টারপ্রাইজের জারদিস হোসেন জানান, ১২ কেজির বোতল বিক্রি করছেন ২ হাজার ১০০ টাকায়। স্থানীয় বাসিন্দা মামুন-অর-রশিদ জানান, এবার এলপিজির দাম বাড়ার পর রাজশাহীতেও দাম বেড়ে গেছে। আমাকে বাড়তি দামেই কিনতে হয়েছে। তিনি বলেন, আমি যে দোকান থেকে এলপিজি কিনি সে আমার কাছে গত মাসেও বাড়তি দাম চায়নি। ঢাকার মানুষকে জিম্মি করে এই দাম বাড়ানোর ফাঁদ পাতেন ব্যবসায়ীরা। এখন বাড়তি দামের বোঝা সবার ওপর চাপিয়ে দিয়েছে সরকার। আমাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে। সরকার যদি সব কিছু এভাবে চাপিয়ে দেয়, তাহলে কীভাবে চলব?

খুলনার শামসুর রহমান রোডের আনাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, বিইআরসির নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকায় এলপিজি বিক্রি করছেন। তবে কয়েকটি কোম্পানির এলপিজি তাদের বেশি দামে কিনতে হচ্ছে। কেউ যদি ওইসব নির্দিষ্ট কোম্পানির এলপিজিই নিতে চান, তাহলে তাকে বেশি দাম পরিশোধ করতে হচ্ছে। এ জন্য তিনি ওইসব কোম্পানির এলপিজি গ্রাহককে নিতে নিরুৎসাহিত করেন। খুলনার বাসিন্দা টিপু সুলতান জানান, তিনি সরকার নির্ধারিত দামেই এলপিজি কিনেছেন।

নড়াইলের কালিয়া উপজেলার কাজী এন্টারপ্রাইজের কাজী সারোয়ার জসিম জানান, তিনি ১২ কেজির বোতল বিক্রি করছেন ২ হাজার ১৫০ টাকায়। এই দামে কেনার কথা জানান স্থানীয় ভোক্তা জুবায়ের হোসেন জানান।

বরিশালের খান গ্যাসের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান জানান, তিনি ওমেরা, সান ও আই গ্যাস বিক্রি করছেন বিইআরসি নির্ধারিত দামেই। তবে ইউনি, বসুন্ধরা ও বেক্সিমকোর গ্যাস নিতে হলে গ্রাহককে গুণতে হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। এসব গ্যাসের সরবরাহ না থাকাতে দাম বেশি বলে জানান তিনি। বরিশালের বাসিন্দা শরিফুল ইসলাম মিলু জানান, সম্প্রতি তিনি ১২ কেজির এক বোতল এলপিজি কিনেছেন ২ হাজার ৬০ টাকায়।

ময়মনসিংহ থেকে হোম গ্যাস সার্ভিসের স্বত্বাধিকারী শেখ মো. গালিব জানান, তিনি বসুন্ধরা ও ইউনি গ্যাস বিক্রি করছেন ২ হাজার ৪৫০ টাকা এবং ওমেরা বিক্রি করছেন ২ হাজার ৪০০ টাকায়। সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রির কারণ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় ডিলারদের থেকে ২ হাজার ৩০০ টাকায় কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করি। ময়মনসিংহের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তিনি ২ হাজার ৪৫০ টাকায় এক বোতল এলপিজি কিনেছেন।

রংপুরের মো. হাসিবুল আহসান জানান, গত কয়েক দিন আগে তার বাসায় এলপিজি শেষ হয়ে যায়। তিনি বসুন্ধরা এলপিজির বোতল নিয়ে বাজারে গ্যাস কিনতে যান। কিন্তু কোথাও বসুন্ধরার এলপিজির বোতল পাননি। পরে সিলিন্ডারসহ ৩ হাজার ৬০০ টাকায় যমুনা এলপিজির বোতল কিনে আনেন। রংপুরের রূমমান স্টোরের স্বত্বাধিকারী লাভলু জানান, তার কাছে অন্য গ্যাস নেই, ওমেরার গ্যাস রয়েছে। প্রতি বোতল বিক্রি করছেন ২ হাজার ৮০ টাকায়। তবে ওমেরার গ্যাস নিতে ওমেরার সিলিন্ডার নিয়ে আসতে হবে। এ ছাড়া তিনি গ্যাস দেবেন না।

সিলেটের এমএম ট্রেডার্সের বিক্রেতা পাভেল জানান, ২ হাজার ৬০ টাকায় প্রতি বোতল এলপিজি বিক্রি করছেন। এই দামে এলপিজি কেনার কথা জানান স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম। চট্টগ্রামের এলপিজি বিক্রেতা আবু সুফিয়ান ২ হাজার ৫০ টাকায় এলপিজি বিক্রি করছেন। প্রসঙ্গত, প্রতিবার দাম বৃদ্ধির সময় বিইআরসি সৌদি সিপি এবং জাহাজ ভাড়া কম বা বেশি হওয়ার ওপর নির্ভর করে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। কিন্তু এবার এলপিজির দাম বৃদ্ধির সময় ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সব ধরনের চার্জ বাড়ানো হয়।