সস্তা কেবল শেয়ারবাজারে!

কারও সঞ্চয়ের শেষ সম্বল, কারও সন্তানের ভবিষ্যৎ, আবার কারও সংসারের চাকা ঘোরানোর একমাত্র অবলম্বন শেয়ারবাজার। অথচ বছরের পর বছর প্রাণহীন হয়ে আছে এ বাজার। দিনে দিনে বাজারটি পরিণত হয়েছে সস্তার বাজারে। শেয়ারবাজার ছাড়া কোনো বাজারেই সস্তা বা সঠিক দামে পণ্য মিলছে না। সব বাজারে যে পণ্যের যে মূল্য থাকার কথা, তার চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সস্তার বাজার হয়ে দাঁড়িয়েছে শেয়ারবাজার। ন্যূনতম যে দামে শেয়ারের লেনদেন হওয়ার কথা, সে দামও নেই। অথচ এ বাজারের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষ। যাদের জীবন-জীবিকা শেয়ারবাজারকেন্দ্রিক। এ বাজারের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের স্বপ্ন, জীবিকা ও পরিবারের বেঁচে থাকার গল্প।

নিত্যপণ্যের বাজার চড়া আর শেয়ারবাজার মন্দা থাকায় এখন বেকায়দায় পড়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। বাধ্য হয়ে সস্তায় শেয়ার বিক্রি করে দৈনন্দিন খরচ জোগাচ্ছেন ভুক্তভোগীরা। একদিকে সস্তা শেয়ারবাজার, অন্যদিকে নিত্যপণ্যের বাজারে আগুন, যা তাদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। ফলে এসব মানুষের সংসার চালানো এখন দায় হয়ে পড়েছে।

চারদিকে যখন মূল্যস্ফীতির চাপ, তখন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের পুঁজি হারানোর প্রতিযোগিতা চলছে। নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতি থাকলেও শেয়ারবাজারে প্রতিনিয়ত কমছে বিনিয়োগের মূল্য। তবু প্রতিদিনের সংসার খরচ, সন্তানের পড়াশোনা কিংবা চিকিৎসার ব্যয় মেটাতে অনেকেই বাধ্য হচ্ছেন বছরের পর বছর ধরে রাখা শেয়ার লোকসানে বিক্রি করতে। যে শেয়ার একসময় ছিল স্বপ্নপূরণের উপায়, আজ তা-ই বিক্রি করতে হচ্ছে বেঁচে থাকার তাগিদে।

প্রাপ্ত তথ্যমতে, দীর্ঘ মন্দায় বিপর্যস্ত এ বাজারে তালিকাভুক্ত প্রায় ২২ শতাংশ কোম্পানির শেয়ারদর নেমে এসেছে ফেস ভ্যালুর নিচে। এর মধ্যে ৫ টাকার নিচে হাতবদল হচ্ছে ৪০ শতাংশের বেশি শেয়ার ও ইউনিট।

একসময় লাখ লাখ মানুষের বাড়তি আয়ের স্বপ্ন ও জীবিকার উৎস ছিল পুঁজিবাজার। কিন্তু দীর্ঘদিনের মন্দা সে স্বপ্নকে অনেকটাই মøান করে দিয়েছে। বিনিয়োগ করে মুনাফা পাওয়া তো দূরের কথা, নিজের পুঁজি ধরে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। বাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে জমেছে বিপুল অঙ্কের লোকসান। কেউ কেউ বাধ্য হয়ে পানির দামে শেয়ার বিক্রি করছেন। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসা কিংবা নিত্যব্যয় মেটাতে বিনিয়োগ তুলে নিতে হচ্ছে লোকসান স্বীকার করেই।

বাজারচিত্রে দেখা যায়, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ব্যাংককে বলা হয় পুঁজিবাজারের সবচেয়ে শক্তিশালী খাত। অথচ এক যুগেরও বেশি সময় ধরে এ খাতে মন্দাভাব চলছে। বর্তমানে এই খাতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৬। এর মধ্যে ১২টির শেয়ারদর রয়েছে অভিহিত দরের নিচে। আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার পাওয়া যাচ্ছে ২ থেকে ৩ টাকার মধ্যে। ৩ থেকে ৪ টাকায় পাওয়া যাচ্ছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি শেয়ার কিনতে বিনিয়োগকারীকে গুনতে হচ্ছে মাত্র চার টাকা। একইভাবে ইউসিবি, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি, এনআরবিসি, এনআরবি, ওয়ান ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ার পাওয়া যাচ্ছে ১০ টাকার নিচে। অথচ এসব শেয়ারের দর একসময় ১০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ছিল।

বিনিয়োগকারী লুৎফর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘শক্তিশালী খাত দেখে ব্যাংক শেয়ারে বিনিয়োগ করেছিলাম। বর্তমানে পোর্টফোলিওতে থাকা ব্যাংকের সব শেয়ারেই লোকসান। কোনো কোনো শেয়ারে ৮০ শতাংশের বেশি লোকসান। এত লোকসান দিয়ে শেয়ার বিক্রি করা সম্ভব নয়। কিন্তু বাধ্য হয়ে অনেকেই এটা করছেন। বিশেষ করে যারা শেয়ারবাজারের আয় থেকে সংসার চালান, তারা বাধ্য হয়ে এ কাজটি করছেন। কারণ জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় এ ছাড়া বিনিয়োগকারীদের আর কোনো উপায় নেই।’ বিনিয়োগকারীরা কীভাবে দিন কাটাচ্ছেন বা সংসার সামলাচ্ছেন, সে খবর কেউ রাখেন না।

ব্যাংকের পর পুঁজিবাজারের আরেক খাত হচ্ছে আর্থিক খাত। লাভের আশায় এ খাতে বিনিয়োগ করে এখন মাসুল গুনছেন বেশিরভাগ বিনিয়োগকারী। আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩ কোম্পানির মধ্যে এখন ৯টি প্রতিষ্ঠানের শেয়ার পাওয়া যাচ্ছে ১০ টাকার কমে। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ১০ টাকা খরচ করলে এ প্রতিষ্ঠানের ৬ থেকে ৭টি শেয়ার পাওয়া যায়। ২ টাকার কমে লেনদেন হচ্ছে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার। এ ছাড়া জিএসপি ফাইন্যান্স, বে লিজিংসহ আরও কিছু কোম্পানির শেয়ার ৫ টাকার কমে পাওয়া যাচ্ছে।

এদিকে আরেক শক্তিশালী প্রকৌশল খাতের আটটি কোম্পানির শেয়ার এখনো ১০ টাকার মধ্যেই মিলছে। এ খাতের অ্যাপোলো ইস্পাতের শেয়ার পাওয়া যাচ্ছে ১ টাকা ৩০ পয়সায়। ১০ টাকায় মিলছে দুটি এসএস স্টিলের শেয়ার। একইভাবে গোল্ডেনসনসহ এ খাতের আরও ৬টি প্রতিষ্ঠানের শেয়ার অভিহিত দরের নিচে লেনদেন হচ্ছে।

অন্যদিকে পুঁজিবাজারের অক্সিজেনখ্যাত মিউচুয়াল ফান্ডের অবস্থা আরও করুণ। এ খাতের তালিকাভুক্ত ৩৫ মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০ টাকার বেশি দর রয়েছে মাত্র ৬টির। অর্থাৎ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান স্কিম-টু, আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিট ১০ টাকার বেশি দরে লেনদেন হচ্ছে। সর্বোচ্চ ৪০ থেকে ৪১ টাকার মধ্যে হাতবদল হচ্ছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট। বাকিগুলো ১৩ টাকার কমে লেনদেন হচ্ছে। এ ছাড়া এ খাতের আরও ১০টি ফান্ডের ইউনিট পাঁচ টাকার কমে লেনদেন হচ্ছে। একইভাবে বস্ত্র খাতের ১৫টি, ওষুধ ও রসায়ন খাতের ৪টি, আবাসন ও সেবা খাতের ১টি এবং খাদ্য খাতের একটি প্রতিষ্ঠানের শেয়ার ১০ টাকার কমে লেনদেন হচ্ছে।

শেয়ারদর কমলেও বাজারে ফিরছে না কাক্সিক্ষত বিনিয়োগ। আস্থা ও তারল্যসংকটের কারণে ক্রেতার অভাবে অনেক শেয়ারের দর আরও কমছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরাও পড়েছেন চরম অনিশ্চয়তায়। প্রশ্ন উঠেছে, নিত্যপণ্যের বাজারে যেখানে দাম কমার কোনো লক্ষণ নেই, সেখানে শেয়ারবাজারে শেয়ারের এমন দরপতন কেন? এই মন্দা থেকে উত্তরণের পথই বা কোথায়?

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন দেশ রূপান্তরকে বলেন, ‘এ কথা সত্যি যে, দীর্ঘদিন বিনিয়োগকারীরা দুর্যোগের মধ্যে ছিলেন। দুর্বল আইপিওর অনুমোদনসহ নানা কারণে বাজার দুর্বল হয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা সমস্যায় রয়েছেন। বর্তমানে ধীরে ধীরে বৈরী পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে শেয়ারবাজার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভালো কোম্পানিকে বাজারে আনার জন্য কাজ করছে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোও এ বিষয়ে খুব সতর্ক। আশা করা যায়, ধৈর্য ধারণ করলে বিনিয়োগকারীরা ভালো ফল পাবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যথাসাধ্য চেষ্টা করছি। বাজারে ভালো কোম্পানিকে আনার জন্য কাজ চলছে। মিউচুয়াল ফান্ড এবং বন্ড মার্কেট যেন ভালো হয়, আমাদের সেই প্রচেষ্টা রয়েছে। মার্কেটের গতি ফিরিয়ে আনার জন্য আমরা সম্প্রতি প্রায় ১০০টি বিও খুলে দিয়েছি। এ অ্যাকাউন্টগুলোতে এখন লেনদেন করা যাবে। অর্থাৎ বিনিয়োগকারীদের সঙ্গে যাতে আস্থা ফিরে আসে, আমরা সে কাজ করছি। আশা করি, দুই থেকে তিন মাসের মধ্যে বাজারের গতি ফিরে আসবে।’

একই বিষয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান আবু আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘বাজারে অধিকাংশ শেয়ারের দর তলানিতে রয়েছে, এ কথা ঠিক। আশা করি, এখান থেকে বাজার ভালোর দিকে যাবে। তবে বাজারের ভালো হওয়া নির্ভর করছে সামষ্টিক অর্থনীতির ওপর। বাজারে ভালো কোম্পানি আসতে হবে। সুদের হার কমাতে হবে, প্রাইভেট সেক্টর ভালো থাকতে হবে। সবকিছু ভালো থাকলে বাজার ভালো হবে। আর বিনিয়োগকারীদের ভালো শেয়ারে বিনিয়োগ করার বিকল্প নেই। তাদের অবশ্যই ভালো মানের কোম্পানিতে বিনিয়োগ করতে হবে।’