সবুজ বিপ্লবে নতুন বৈষম্য

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার যে বৈশ্বিক কর্মযজ্ঞ চলছে, তাকে পরিবেশবাদী ও অর্থনীতিবিদরা অভিহিত করছেন ‘সবুজ বিপ্লব’ বা গ্রিন ট্রানজিশন হিসেবে। জীবাশ্ম জ¦ালানির যুগ পেরিয়ে নবায়নযোগ্য জ¦ালানি, ইলেকট্রিক ভেহিকল, গ্রিন হাইড্রোজেন ও পরিবেশবান্ধব প্রযুক্তির এই নতুন বিশ্বে প্রবেশের প্রতিশ্রুতি দিচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। কিন্তু এই আপাত-কল্যাণকর ও পরিবেশবান্ধব রূপান্তরের আড়ালে রয়েছে এক ভয়াবহ ‘বৈষম্য’। জলবায়ু সুরক্ষার নামে পরাশক্তিগুলোর মধ্যে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্যের নতুন লড়াই শুরু হয়েছে। এর ভুক্তভোগী হতে চলেছে জলবায়ুঝুঁকিতে থাকা বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো।

কপ৩১ সংশ্লিষ্টরা জানায়, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়া এবারের সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। এবারের সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক। অস্ট্রেলিয়া আলোচনা পরিচালনার দায়িত্বে রয়েছে। ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেতারা বলেছেন, জলবায়ু ইস্যুতে উন্নত দেশগুলো বিশেষ সুবিধা পাচ্ছে। অন্যদিকে অনুন্নত দেশগুলো কোনো সুযোগই পাচ্ছে না। ঋণ বা অনুদানের অর্থ পরিশোধ করতে গিয়ে অনেক দেশ সংকটে পড়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন এবারের আলোচনার অন্যতম বিষয়। জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো সুরক্ষা ও অভিযোজন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতি রয়েছে। ফলে প্রতিশ্রুত অর্থায়ন বাস্তবায়ন এবং সহজ শর্তে অর্থ পাওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

সবুজ বিপ্লবের নামে বাণিজ্যে কোপ : ইইউভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানি করতে হলে সেই পণ্য উৎপাদনে কী পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে, তার হিসাব দিতে হবে এবং নির্দিষ্ট মাত্রার বেশি কার্বন নিঃসরণ হলে অতিরিক্ত শুল্ক গুনতে হবে। বিশেষজ্ঞদের মতে, এটি আপাতদৃষ্টিতে পরিবেশবান্ধব উদ্যোগ মনে হলেও বাস্তবে ‘সবুজ বাণিজ্য প্রতিবন্ধকতা’। উন্নত দেশগুলো গত দুই শতাব্দী ধরে অনিয়ন্ত্রিতভাবে কার্বন নিঃসরণ করে নিজেদের শিল্পায়ন সম্পন্ন করেছে। এখন যখন উন্নয়নশীল দেশগুলো শিল্পায়নের পথে হাঁটছে, তখন তাদের ওপর কার্বন শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে এসব দেশের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং বিশ্ববাজারে তারা প্রতিযোগিতা সক্ষমতা হারাবে।

অর্থায়নে শুভংকরের ফাঁকি : জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনায় ধনী দেশগুলোর অনীহা এবং নানা শর্ত রয়েছে। উন্নত দেশগুলো জলবায়ু তহবিলের নামে যা দিচ্ছে, তার সিংহভাগই চড়া সুদের ঋণ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু অর্থায়নের নামে দেওয়া অর্থের প্রায় ৭০ শতাংশই ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও ক্ষতিগ্রস্ত দেশগুলো নতুন করে ঋণের ফাঁদে পড়ছে। এ ছাড়া, জলবায়ু তহবিলের অর্থ ছাড়ের প্রক্রিয়া এতটাই জটিল যে, স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলো সহজে এই অর্থ পায় না। ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ বা অন্যান্য আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ পেতে হলে যে ধরনের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা প্রয়োজন, তা অনেক দরিদ্র দেশের নেই।

জ¦ালানি রূপান্তর ও ব্যয়ের বোঝা : বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু এই লক্ষ্য অর্জন করা অত্যন্ত ব্যয়বহুল এবং কারিগরিভাবে জটিল। জমির স্বল্পতা বাংলাদেশের সৌরবিদ্যুৎ প্রকল্পের সবচেয়ে বড় বাধা। এ ছাড়া বিশ্ববাজারে সবুজ প্রযুক্তির দাম বেশি হওয়ায় এবং উন্নত দেশগুলো থেকে স্বল্প সুদে ঋণ বা প্রযুক্তি হস্তান্তর না পাওয়ায় নবায়নযোগ্য জ¦ালানিতে রূপান্তর বাংলাদেশের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। এতে দেশের জ¦ালানি নিরাপত্তাঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রযুক্তি হস্তান্তর ও সবুজ বিপ্লব : বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিচারে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ। সবুজ বিপ্লবের এই নতুন বৈষম্য এবং বিশ্ব রাজনীতির মেরুকরণে বাংলাদেশ বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। তাই উন্নত দেশগুলোর কাছ থেকে মেধাস্বত্ব শিথিল করে স্বল্পমূল্যে সবুজ প্রযুক্তি হস্তান্তরের দাবি জোরদার করতে হবে। জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বাংলাদেশকে সরাসরি অর্থায়নে আস্থা পায়। সবুজ বিপ্লব মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। কিন্তু এই বিপ্লব যদি কেবল ধনী দেশগুলোর আধিপত্য বিস্তারের হাতিয়ার হয় এবং উন্নয়নশীল দেশগুলোকে নতুন করে দারিদ্র্য ও ঋণের জালে আবদ্ধ করে, তবে তা কখনোই টেকসই হবে না। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে উন্নত দেশগুলোকে তাদের দায় স্বীকার করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলো সয়হায়তা করতে হবে। অন্যথায়, সবুজ বিপ্লবের এই নতুন বৈষম্য বিশ্বকে এক গভীর আর্থ-সামাজিক ও পরিবেশগত সংকটের দিকে ঠেলে দেবে, যার প্রধান শিকার বাংলাদেশের মতো দেশগুলো।

অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা : জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়াই এবারের সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার বাড়ানো, এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা। এসব দেশের অনেকেরই জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো সুরক্ষা এবং অভিযোজন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতি রয়েছে। ফলে প্রতিশ্রুত অর্থায়ন বাস্তবায়ন এবং সহজ শর্তে অর্থ পাওয়ার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ, জীবাশ্ম জ¦ালানির ব্যবহার কমানো, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল নগর ও অবকাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা হচ্ছে।

সম্মেলনে বাংলাদেশ কী পেল : জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের কারণে প্রতি বছর বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে দেশটি। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র প্রায় ০.০৫ শতাংশ। এই বাস্তবতা সামনে রেখে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিপূরণ, সহজ শর্তে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা। এখন প্রশ্ন হলো সম্মেলন থেকে বাংলাদেশ কোনো আর্থিক সুবিধা আদায় করতে পেরেছে, নাকি আগের মতোই প্রতিশ্রুতি ও আশ্বাস নিয়ে ফিরতে হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। কিন্তু নতুন করে কোনো বরাদ্দ, অনুদান কিংবা ক্ষতিপূরণে তথ্য এখনো পাওয়া যায়নি। ফলে সম্মেলনে বাংলাদেশের অর্জনকে আপাতত কূটনৈতিক ও নীতিগত অগ্রগতি বলা যায়; সরাসরি আর্থিক সাফল্য বলা যাচ্ছে না। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন।

গবেষণা অনুযায়ী, ২০০০ সাল থেকে বাংলাদেশের নবায়নযোগ্য জ¦ালানি খাতে বিনিয়োগের ৯০.৪ শতাংশ এসেছে ঋণ থেকে। জ¦ালানি খাতে মোট ২.৫৪ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের মধ্যে ৮৮০ মিলিয়ন ডলার কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেও গেছে। জলবায়ু মোকাবিলার অর্থায়নের মধ্যেও জীবাশ্ম জ¦ালানির প্রকল্প রয়েছে। এই বাস্তবতা বাংলাদেশের সবুজ জ¦ালানিতে রূপান্তরের জন্য নতুন প্রশ্ন তৈরি করছে।

পাটের সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ : সম্মেলনে বাংলাদেশের একটি দৃশ্যমান উদ্যোগ ছিল পাট ও পাটজাত পণ্যের পরিবেশবান্ধব ব্যবহার তুলে ধরা। গ্রিন জোনে পাট প্যাভিলিয়নের মাধ্যমে প্লাস্টিক ও কৃত্রিম পণ্যের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটের সম্ভাবনা তুলে ধরা হয়।