জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু-অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন-কার্যক্রমে জোরালো সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে গতকাল বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। তবু বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বের জলবায়ু-অর্থায়নব্যবস্থা এখনো অপ্রতুল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এ ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। একই সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়, যা তাদের ঋণের বোঝা বাড়িয়ে দেয়। এসব দেশের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির পথ ধরে তিনি বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ব্যবস্থাগুলো হলো প্রথমত. আন্তর্জাতিক জলবায়ু-অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।
দ্বিতীয়ত. জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করতে হবে।
চতুর্থত. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করতে হবে।
পঞ্চমত. কপ৩১-এ একটি ন্যায্য জ্বালানি-রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ পরিবেশসম্মত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রাকে নাগালের মধ্যে রাখতে কার্বনের বৈশ্বিক নির্গমন কমাতে হবে।
তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ-দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশের সুরক্ষা একে অপরের পরিপূরক। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষ কর-প্রণোদনার সহায়তায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার।
বাংলাদেশ সরকার পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রায় ৩০০ সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটানো হচ্ছে। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করা হচ্ছে।
পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে সরকার। পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গতকাল তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর সাইডলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নের বিষয়টি আলোচনায় আনেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ : যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড গতকাল আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় তাদের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন-কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। তিনি এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জুট প্যাভেলিয়ন পরিদর্শন: আনতালিয়ায় জলবায়ু-পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন। সে সময় কপ৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়ন পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা জানান, তারা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাতপণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী।
পরিবেশরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে পৃথিবীর পরিবেশকে রক্ষা করা যায় এবং মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
জাতিসংঘের জলবায়ু-সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ১০ নভেম্বর আনতালিয়া পৌঁছান। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। আজ শুক্রবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।