ভোররাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ২ প্রাণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে জেলার শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাদের উভয়ের বাড়ি রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার ১২৫/১ নম্বর বাড়ি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে ওই দুজনই ছিলেন। তারা ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।