এমপি নুসরাতের বাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিবারের লোকজনকে হত্যাচেষ্টার অভিযোগ এনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেছেন তিনি।

এজাহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় এজাহারটি জমা দেন।

এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারটি নথিভুক্ত হয়েছে।