খাজার অভিযোগকে ‘শতভাগ মিথ্যা’ ও ‘সম্পূর্ণ অর্থহীন’ বললেন কামিন্স

অস্ট্রেলিয়া ক্রিকেটে এখন আলোচিত বিষয় ওই একটাই, স্যান্ডপেপার বিতর্ক। ৮ বছর পর হুট করেই যা উসকে দিয়েছেন দেশটির সাবেক ব্যাটার উসমান খাজা। নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে খাজা অভিযোগ করেছেন, বল টেম্পারিংয়ের বিষয়টি সম্পর্কে নাকি কেপটাউনে থাকা একাদশের প্রত্যেকেই অবগত ছিলেন এবং দলগতভাবে সেই দায় নেওয়ার প্রস্তাব উঠলেও দুজন খেলোয়াড় তাতে রাজি হননি। 

খাজার এই চাঞ্চল্যকর মন্তব্যের পর রীতিমতো তোলপাড় শুরু হয় ক্রিকেট বিশ্বে। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু এমন গুরুতর অভিযোগ তোলার এবার মুখ খুললেন বর্তমান অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। অভিযোগের কড়া জবাব দিতে সিডনির ক্রিকেট সেন্ট্রালে আজ এক নজিরবিহীন ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে হাজির হন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। যেখানে তিনি খাজার বক্তব্যকে ‘শতভাগ মিথ্যা’ ও ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি পুরো বিষয়টিকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে অভিহিত করেছেন।

সিডনির সেই দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে কামিন্স স্পষ্ট করে জানান, গত আট বছর ধরে তিনি যা বলে আসছেন, আজও সেই অবস্থানেই অটল আছেন। খাজার বইয়ে পুরো দলকে জড়িয়ে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, সেটির তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘যখন সে বলে আমরা সবাই জানতাম, এর মাধ্যমে যদি সে বোঝাতে চায় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া হচ্ছে তা আমাদের জানা ছিল, তবে সে ১০০ শতাংশ ভুল বলছে। গত আট বছর ধরে আমি ধারাবাহিকভাবে বলে আসছি, সেখানে কী ঘটছিল তা আমি জানতাম না। কিন্তু আমার মনে হয় উসমান এর চেয়েও অনেক বেশি গুরুতর কথা বলেছে। সে বলেছে আমি এবং অন্যরা স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিং করার কোনো এক পরিকল্পনার স্থপতি ছিলাম। এটি সম্পূর্ণ এবং চরম অর্থহীন কথা।’ 

খাজা তাঁর বইয়ে আরও স্বীকার করেছেন যে, ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহারের সময় তিনি সতর্ক থাকতে বলেছিলেন। দীর্ঘদিনের বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছেন অজি অধিনায়ক। ১৫ বছরের ক্যারিয়ারে খাজাকে যেভাবে চিনেছেন, তার সাথে এই আচরণের কোনো মিল খুঁজে পাচ্ছেন না তিনি। 

বন্ধু হিসেবে খাজার এমন মন্তব্যে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে কামিন্স বলেন, ‘এই সপ্তাহে যখন জানতে পারলাম উসমান স্বীকার করেছে যে সে ক্যামকে (বেনক্রফট) স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিল, তখন আমি সত্যিই হতবাক হয়েছি। আমি যে উসমানকে চিনি, সে এমন নয়। গত আট বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সংস্কৃতি পুনর্গঠনে যে দলটি কাজ করেছে, সেই উসমান হলে তখনই ওখানে এটি থামিয়ে দিত। উসমান আমার বন্ধু, কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সম্মান নিয়ে এতটা হালকাভাবে খেলে না। নিজের বইয়ে উসি (খাজা) আমার, আরও অনেকের এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের জীবন নিয়ে খুব হালকা আচরণ করেছে। তার গল্প বলার অধিকারকে আমি শতভাগ সমর্থন করি, কিন্তু আমরা যা বলি ও করি তার দায়বদ্ধতা আমাদের নিতেই হবে।’ 

২০১৮ সালের সেই সময়ে অস্ট্রেলিয়া দলের ভেতরে ‘যে কোনো মূল্যে জিততে হবে’ এমন একটি মানসিকতা এবং দলীয় বিভাজন ছিল বলে স্বীকার করলেও, রিভার্স সুইং পাওয়ার জন্য কোনো গোপন ‘মাস্টার-প্ল্যান’ ছিল না বলে দাবি করেন কামিন্স। এমনকি কেপটাউনের আগের টেস্ট অর্থাৎ পোর্ট এলিজাবেথেও বাউন্ডারি লাইনে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে খাজা যে দাবি করেছেন, সেটি শুনেও অবাক হয়েছেন তিনি। পুরো বিষয়টির প্রেক্ষাপট পরিষ্কার করতে গিয়ে অজি অধিনায়ক যোগ করেন, ‘অবৈধ উপায় ব্যবহারের কোনো মাস্টার-প্ল্যান ছিল না। মানুষ ধরে নেয় যে বৈধ উপায় থেকে হঠাৎ করেই স্যান্ডপেপার নেওয়া হয়েছে এবং এর পেছনে নিশ্চয়ই বিশাল কোনো পরিকল্পনা ছিল। কিন্তু সত্যিটা হলো, এমন কিছুই ছিল না। কোনো বড় পরিকল্পনা ছিল না, কোনো দলীয় সভা হয়নি, কিংবা বোলাররাও বলেনি যে এমনটাই করতে হবে। আর পোর্ট এলিজাবেথের ঘটনাটি এই সপ্তাহেই আমার কাছে নতুন খবর ছিল। আমার এ বিষয়ে কোনো ধারণাই ছিল না।’ 

খাজার বইয়ে উল্লেখিত আরেকটি বড় দাবি ছিল, ঘটনার পর পুরো দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে দায় স্বীকার করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু দুজন খেলোয়াড় তাতে রাজি হননি। তবে এমন কোনো বৈঠক বা আলোচনার কথা পুরোপুরি নাকচ করে দিয়েছেন কামিন্স। দলের অন্যদের সাথে কথা বলেও এমন কিছুর সত্যতা পাননি জানিয়ে তিনি বলেন, ‘প্রথমত, সম্মিলিত দায় নেওয়ার বিষয়ে কোনো আলোচনার কথা আমার মনে পড়ে না। এমন কোনো দলীয় সভার কথাও মনে নেই যেখানে সে দাঁড়িয়ে বলেছিল, ‘চলো দল হিসেবে সবাই এটার দায় নিই’। তাই ওই দুজন মানুষ কে হতে পারে, সে ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। আমি আরও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদেরও একই অবস্থা।’ 

আট বছর আগের সেই কেপটাউন তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন ইন্টেগ্রিটি প্রধান ইয়ান রয় এবং হাই পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের কাছে সত্যিটাই বলেছিলেন বলে জানান কামিন্স। এছাড়া সংবাদ সম্মেলনের আগে সিএ-র প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সাথেও তাঁর কথা হয়েছে। এই প্রসঙ্গে কামিন্স উল্লেখ করেন, ‘আমি আমার সাক্ষাৎকার দিয়েছিলাম এবং সম্পূর্ণ সত্যিটাই বলেছিলাম। সেই ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার কথায় অটল আছি, কিছুই বদলায়নি। আজও টডের (গ্রিনবার্গ) সাথে আমার কথা হয়েছে। সে বলেছে, ‘আমি সব তদন্ত রিপোর্ট পড়েছি। ছেলেরা পুরো সময়জুড়ে তাদের বক্তব্যে অত্যন্ত ধারাবাহিক ছিল।’

খাজার এই অভিযোগগুলো মানহানিকর হতে পারে, এমন পরামর্শ পেলেও পুরোনো ঘটনা ঘেঁটে আইনি পথে হাঁটতে চান না কামিন্স। তবে এই ঘটনায় তাঁর ও অন্য ক্রিকেটারদের পরিবার কীভাবে মানসিক চাপে পড়ছে, সেই আক্ষেপ ঝরে পড়ল তাঁর কণ্ঠে। বন্ধুত্বের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় থাকা কামিন্স আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আট বছর হয়ে গেছে... কোথাও না কোথাও তো সীমারেখা টানতেই হবে। আমি আইনি পথে যাব না। আমি ১৫ বছর ধরে খেলছি, নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার হয়ে আমার অভিষেক থেকে উসমান পাশে ছিল এবং সে দারুণ একজন বন্ধু ছিল। কিন্তু এটা মানুষের বাস্তব জীবন এবং বিষয়টা খুবই গুরুতর। গতকাল খবরে আমি আমার স্ত্রী বেকিকে দেখেছি। এটি কেবল ব্যক্তিদের নয়, মানুষের পরিবারকেও প্রভাবিত করে। আট বছর আগের সেই ঘটনাটা ওদের জন্য, আমাদের সবার জন্য, অস্ট্রেলিয়ান ক্রিকেট ও ভক্তদের জন্য ছিল এক ভয়াবহ ট্রমা। তাই এত হালকাভাবে বিষয়টি সামনে আনা আমি দায়িত্বজ্ঞানহীনতা বলে মনে করি।’ 

এদিকে স্যান্ডপেপার কাণ্ডে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে দেওয়া শাস্তি ‘অতিরিক্ত কঠোর’ ছিল বলে এখনও বিশ্বাস করেন কামিন্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ঘাড়ের চোটের কারণে সহ-অধিনায়ক স্টিভ স্মিথের সরে দাঁড়ানো নিয়ে দলে কোনো অসন্তোষ তৈরি হয়েছে কি না, এমন গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন তিনি। স্মিথের সাথে সবকিছু ঠিকঠাক আছে জানিয়ে তিনি বলেন, ‘আমি স্টিভের সাথে কয়েকবার কথা বলেছি। সে ভালো আছে এবং তার ঘাড়ের ব্যথাও এখন কম। খুব শীঘ্রই সে অস্ট্রেলিয়ায় ফিরবে এবং একটি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলবে। আমাদের সম্পর্ক খুব ভালো জায়গায় আছে। বড় একটি ম্যাচে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়কে না পাওয়ার হতাশাটাকে হয়তো একটু ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল। তবে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দুজনেই একই অবস্থানে আছি। অধিনায়ক হিসেবে আমার পাশে সহ-অধিনায়ক হিসেবে তাকে আমার ভীষণ প্রয়োজন।’