সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানো যাবে না: আইনমন্ত্রী

দেশের মানুষ কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিস্টদের আর এ দেশে জায়গা দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার পাঁয়তারা করে কোনো লাভ হবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যারা বোমা সন্ত্রাস চালিয়ে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাজপথে ফুলের পাপড়ি বিছিয়ে ফিরিয়ে আনতে চান, তারা হয়তো এ দেশের সাধারণ মানুষকে চেনেন না। দেশের সচেতন নাগরিক সমাজ কখনোই ওই কথিত ফ্যাসিস্টদের স্থান দেবে না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে কলম ধরার আহ্বান জানান।
 
মন্ত্রী বলেন, ‘নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের পরও দেশ আজ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কোনোভাবেই থামবে না। বিগত ৯ মাসে সরকারের অর্জন ও সফলতার দিকগুলো সঠিক তথ্য-উপাত্ত দিয়ে গণমাধ্যমে তুলে ধরার জন্যও তিনি সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান।’

বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা বা গুমের কোনো পথ বেছে নেয়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘রাতারাতি জাদুকরি উপায়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে বর্তমান সরকার যেকোনো মূল্য সঠিক তথ্যের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।’
 
সব বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশ সামনে আরও এগিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।