পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো ও সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে চালু হওয়া এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার অঙ্গীকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা ও জীবনযাত্রার ব্যয় কমানোর অগ্রাধিকারের অংশ হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে দুটি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি করা হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় দফায় বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল সংগ্রহ করা যাবে। তবে দ্বিতীয় দফায় মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি চলবে।

সংশ্লিষ্ট পোশাক কারখানার শ্রমিকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষরের মাধ্যমে এ সুবিধা নিতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পৃথক তদারকি দল সরেজমিনে কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে পোশাকশ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। শ্রমিকেরা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। এ উদ্যোগের ফলে পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমার পাশাপাশি তাঁদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।