বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করা কিংবা সেখানে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অধিকার ইরান বা যুক্তরাষ্ট্র—কোনো রাষ্ট্রেরই নেই বলে মন্তব্য করেছেন মাস্টার মেরিনার ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। তিনি বলেছেন, হরমুজ প্রণালী কোনো দেশের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ পথ। তাই রাজনৈতিক বিরোধ বা সামরিক উত্তেজনার কারণে এ নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।
জাপানভিত্তিক এনওয়াইকে শিপ ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। পাশাপাশি তিনি সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক কংগ্রেসের মেরিটাইম অ্যাম্বাসাডর। হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে তিনি এসব কথা বলেন।
হরমুজ প্রণালীর গুরুত্ব তুলে ধরে ক্যাপ্টেন রেদওয়ান বলেন, পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এই নৌপথ। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, পেট্রোলিয়ামজাত পণ্য ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এ পথ দিয়ে পরিবহন করা হয়। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি রপ্তানির বড় অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রপথে বিশ্বে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এবং বৈশ্বিক এলএনজি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে যায়। বিশেষ করে কাতারের এলএনজি রপ্তানির বড় অংশ এ নৌপথনির্ভর। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে এশিয়াসহ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস)-এর ৩৮ ও ৪৪ অনুচ্ছেদে আন্তর্জাতিক প্রণালী দিয়ে ট্রানজিট প্যাসেজের অধিকার এবং নির্বিঘ্নে জাহাজ চলাচলের নীতি স্বীকৃত হয়েছে। কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নীতিমালার ঊর্ধ্বে নয়। ইরান কিংবা যুক্তরাষ্ট্র—কেউই একতরফাভাবে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করতে পারে না।
তিনি আরও বলেন, ১৯৮৮ সালের সাপ্রেশন অব আনলফুল অ্যাক্টস অ্যাগেইনস্ট দ্য সেফটি অব মেরিটাইম নেভিগেশন (এসইউএ) কনভেনশন অনুযায়ী, জাহাজে বেআইনি বল প্রয়োগ, দখল কিংবা ক্ষতিসাধনের মতো কর্মকাণ্ড অপরাধ হিসেবে বিবেচিত হয়। একইভাবে জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদে শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ন করার বিরুদ্ধে নীতি নির্ধারণ করা হয়েছে।
হরমুজ প্রণালী ঘিরে সামরিক উত্তেজনার প্রভাব শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ নয় উল্লেখ করে ক্যাপ্টেন রেদওয়ান বলেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ-অভিযান, জাহাজ আটক ও হামলার ঝুঁকিতে রয়েছেন বাণিজ্যিক জাহাজের নাবিকেরা। এর ফলে তাঁদের প্রাণহানি, আহত হওয়া, দীর্ঘদিন সমুদ্রে আটকে থাকা, খাদ্য ও চিকিৎসাসংকট এবং পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) ৬ নভেম্বরের পরিসংখ্যানে ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে প্রায় ১৫৫টি জাহাজে হামলার তথ্য রয়েছে। এসব ঘটনায় ২৫ জন নাবিক নিহত এবং ৮২ জন গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া প্রায় ৪০০টি জাহাজে ছয় হাজার নাবিক পারস্য উপসাগর ও ইরান-সংলগ্ন এলাকায় আটকে পড়েছেন বলে দাবি করেন তিনি।
ক্যাপ্টেন রেদওয়ান বলেন, বাণিজ্যিক জাহাজ কোনো যুদ্ধজাহাজ নয়। এসব জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ার, কর্মকর্তা, নাবিক কিংবা ক্যাডেট—কেউই সামরিক সংঘাতের পক্ষ নন। তাঁরা আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার দায়িত্ব পালন করেন। তাই তাঁদের জীবনকে কোনোভাবেই সামরিক সংঘাতের ঝুঁকিতে ফেলা উচিত নয়।
এ পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ, নিরীহ নাবিকদের নিরাপত্তা নিশ্চিত, আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং নিহত ও আহত নাবিকদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।
ক্যাপ্টেন রেদওয়ান বলেন, ‘আমরা কোনো যুদ্ধের পক্ষ নই। আমরা আন্তর্জাতিক আইন, সামুদ্রিক নিরাপত্তা এবং মানবতার পক্ষে। একটি বাণিজ্যিক জাহাজে হামলা মানে শুধু একটি জাহাজকে আক্রমণ করা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে নিরস্ত্র নাবিকদের জীবন, বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার নিরাপত্তা।’