বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে দেশব্যাপী ৪০ দিনব্যাপী ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করা হচ্ছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ উৎসব শুরু হয়েছে। উৎসব চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। এ আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে নাট্যচর্চা, মঞ্চনাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের ঢাকা পর্ব শুরু হয়েছে আজ ১৩ নভেম্বর। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এ সময় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটক মঞ্চায়ন হবে।
প্রকাশিত নাট্যসূচি অনুযায়ী, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ থিয়েটারের ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’ নাটকের মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। এরপর ১৪ নভেম্বর থিয়েটার (বেইলি রোড)-এর ‘বারামখানা’, ১৫ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’, ১৬ নভেম্বর বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’, ১৭ নভেম্বর নাট্যতীর্থের ‘দ্বীপ’, ১৮ নভেম্বর নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, ১৯ নভেম্বর স্বপ্নদলের ‘হরগজ’, ২০ নভেম্বর নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’ এবং ২১ নভেম্বর ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকের মঞ্চায়ন হবে।
অন্যদিকে, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১৪ নভেম্বর মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’, ১৫ নভেম্বর দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাঁদর’ এবং ১৬ নভেম্বর নাট্যম রেপর্টারির ‘দমের মাদার’ নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
আয়োজনে প্রতিদিন বিকেল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চে নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে নাটকের প্রদর্শনী।
আয়োজকদের প্রত্যাশা, ৪০ দিনব্যাপী এ নাট্যোৎসব দেশের নাট্যাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পাশাপাশি বিভিন্ন প্রজন্মের নাট্যকর্মী, দর্শক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নাট্যচর্চার ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে।