জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের

মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ের পর দিলারা আক্তারের অপরাজিত ইনিংসে ভর করে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে টাইগ্রেসরা।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি-তিরিপানো (৩০ বল)। এছাড়া জোসেফিন এনকোমো ২৯ বলে ৩৫ এবং কেলিস এনধলোভু ২২ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান, যিনি ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া দিশা বিশ্বাস ২টি এবং রিতু মনি ১টি উইকেট তুলে নেন।

১৩২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ এক শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানী মিলে ১০৪ রানের দারুণ এক জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। ১৩তম ওভারের শেষ বলে সাথী রানী আউট হলে জুটি ভাঙে; তিনি ৪৫ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪৩ রান করেন।

এরপর দিলারা আক্তার শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দিলারা। শারমিন ১৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে একমাত্র উইকেটটি নেন মিশেল মাভুঙ্গা।

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ১৬ নভেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।