প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সুবাস ছড়াচ্ছিলেন সৌদ শাকিল। কিন্তু তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানোর ঠিক আগে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটসম্যানকে। টেস্ট ইতিহাসের বিরল এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন ড্রতে শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে
ম্যাচের প্রথম ইনিংসে ৯টি চারের সাহায্যে ৯৩ রান করে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন তিনি। আর পঞ্চম ও শেষ দিনে শুক্রবার ৭টি চারের সাহায্যে খেলেন ৯৭ রানের এক ধৈর্যশীল ইনিংস। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচের দুই ইনিংসেই নব্বইয়ের ঘরে (নার্ভাস নাইটিজ) আউট হওয়া দুর্ভাগা ব্যাটসম্যানদের হতাশার তালিকায় নাম লেখালেন শাকিল। তাঁর আগে ক্রিকেট কিংবদন্তি গর্ডন গ্রিনিজ, মাহেলা জয়াবর্ধনে, ক্লেম হিল ও ফ্র্যাঙ্ক উলির মতো গ্রেটরাও এমন দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে ৪৪৬ রান করে শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা পাকিস্তান পঞ্চম ও শেষ দিনের শুরুতেই বিপাকে পড়ে। দিনের প্রথম বলেই লাহিরু কুমারার শিকার হয়ে ফেরেন আজান আওয়াইস। পরের ওভারে মোহাম্মদ তাহাকে কট বিহাইন্ড করেন আসিথা ফার্নান্দো। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান এদিন কোনো রান যোগ করতে পারেননি।
দ্রুত দুই উইকেট পতনের পর ক্রিজে এসে দারুণ কিছু শটে চাপ সামলানোর ইঙ্গিত দেন অধিনায়ক বাবর আজম। তবে ৬টি চারে ৩৪ রান করে তিনি থামলে শাকিলের সঙ্গে তাঁর ৫০ রানের জুটি ভেঙে যায়। এরপর সালমান আলি আগাও (১৩) থিতু হতে পারেননি।
দলের এমন বিপদে প্রতিরোধ গড়েন সৌদ শাকিল ও গাজী ঘরি। এই দুজন মিলে যোগ করেন গুরুত্বপূর্ণ ৯২ রান। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় ১২৬ বলে নিজের ফিফটি পূর্ণ করেন শাকিল। প্রথম ইনিংসের আক্ষেপ ঘুচিয়ে তিনি সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন, কিন্তু চা বিরতির পর আবারও সেই স্নায়ুচাপ। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থামতে হয় তাকে। শাকিলের বিদায়ের পর ৮ উইকেটে ২৮৪ রান তুলে পাকিস্তান ইনিংস ঘোষণা করলে ম্যাচটি ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।
আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৪৩৪/৯ (ডিক্লে.)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৪৬
পাকিস্তান ২য় ইনিংস: ৮৪.৫ ওভারে ২৮৪/৮ (ডিক্লে.) (আগের দিন ৫৭/১) (আজান ২২, তাহা ২৪, বাবর ৩৪, শাকিল ৯৭, সালমান ১৩, ঘরি ৩৫, মিনহাস ১৬, রাজাউল্লাহ ৬*; আসিথা ২/৩৫, লাহিরু ২/৬৫, রাত্নায়েকে ৩/৪৭, ধানাঞ্জায়া ১/২৫)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব খান