চট্টগ্রামে সবজির বাজারে ফের উত্তাপ, ডিম-মুরগিতে স্বস্তি

গত সপ্তাহে শীতের আগাম সবজিতে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও সপ্তাহের ব্যবধানে ফের কিছুটা চড়েছে সবজির বাজার। সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে নগরীর কাঁচাবাজারগুলোতে এখন ৮০ টাকার নিচে ভালো মানের সবজি পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে; কেবল লাউ, মুলা, পেঁপে আর কাঁচা মরিচই মিলছে ৮০ টাকার কমে। তবে সবজির বাজার চড়া থাকলেও ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে ডিম ও মুরগির বাজার। অন্যদিকে মাছের বাজার আগের মতোই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে।

শুক্রবার নগরীর কাজির দেউরি, নয়াবাজার ও ফইল্লাতলী বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজির পসরা থাকলেও দাম গত সপ্তাহের তুলনায় বেশ চড়া।

বাজারের হিসাব বলছে, গত সপ্তাহে যে বরবটি, পটল ও চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হয়েছিল, তা এক লাফে বেড়ে বরবটি ৮০ থেকে ১০০ টাকা এবং পটল ও চিচিঙ্গা ৮০ টাকায় উঠেছে। ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হওয়া শিম এখন মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, ধুন্দুল ১০০ টাকা এবং বেগুন মানভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১০০ টাকা থেকে বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় ঠেকেছে। তিতা করলা ১০০ টাকা, ঝিঙা ১২০ টাকা এবং নতুন আসা শিমের বিচি ৩০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

তবে এই ঊর্ধ্বগতির বাজারেও কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। ৮০ টাকার কাঁচা মরিচ ৬০ টাকায় নেমেছে। এছাড়া ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হয়ে আগের স্থিতিশীল অবস্থাতেই রয়েছে।

কাজির দেউরি বাজারের সবজি বিক্রেতা মো. আবুল কাশেম বলেন, শীতের সবজি গত সপ্তাহে সরবরাহ বেশ ভালো ছিল। তবে চলতি সপ্তাহে সরবরাহ কম। আবার বৃষ্টিও হয়েছে। সব মিলিয়ে দাম কিছুটা বেড়েছে।  

মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি

সবজির বাজার চড়লেও কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহে ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন ১৬৫ থেকে ১৭০ টাকায় নেমেছে। এছাড়া সোনালী মুরগি ২০ টাকা কমে ৩২০ টাকা এবং তবে দেশি মুরগি ৬২০ থেকে সাড়ে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  ডিমের ডজনও ১২৫-১৩০ টাকা থেকে কমে ১২০ টাকায় মিলছে।

তবে মাছের বাজারে স্বস্তির কোনো খবর নেই। চাষের রুই ৪০০ থেকে ৫০০ টাকা ও কাতল ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪৮০ থেকে ৬৫০ টাকা এবং কোরাল ও বাটা মাছ ৭০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সামুদ্রিক মাছের মধ্যে বাগদা চিংড়ি কেজিতে ১০০ টাকা বেড়ে ১০০০ টাকা এবং রূপচাঁদা আকারভেদে ১০০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি চমক ইলিশে। গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০০ টাকা বেড়ে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়।

কাজির দেউরি বাজার আসা ক্রেতা মো. তৈয়ব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত সপ্তাহে সবজির দাম দেখে কিছুটা আশা জেগেছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আবার সব সবজির দাম বেড়ে গেছে। মাছের বাজারে তো হাতই দেওয়া যাচ্ছে না। কেবল মুরগি আর ডিমের দাম সামান্য কমায় কোনোমতে সংসারের হিসাব মেলাতে হচ্ছে।

ফইল্লাতলী বাজারের ক্রেতা কাজী শাফায়াত উল্লাহ বলেন, বেশির ভাগ সবজিই ৮০ টাকার উপরে। বাজার মনিটরিং না করলে আমাদের বাজারে আসার সুযোগ নেই।