নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার আহ্বান আতিকুর রহমান রুমনের

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, ইন্টারনেট ও প্রযুক্তির প্রসারের ফলে বর্তমান প্রজন্ম বই পড়া থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। অথচ বই পড়ার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তাই সবার মধ্যে বই পড়ার নেশা থাকা উচিত।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে আতিকুর রহমান রুমন বলেন, “আমরা যখন ছাত্র ছিলাম, ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত, তখন নতুন কোন বই এসেছে, কোন বই কেমন, এগুলো খোঁজ রাখতাম। হুমায়ূন আহমেদ স্যারের বইসহ অন্যান্য বই পড়তাম। বগুড়ার রোমেনা আফাজের লেখা দস্যু বনহুর, মাসুদ রানাও খুব পড়তাম।”

তিনি বলেন, “এখানে বসে আছে আমার এক বন্ধু, পিআইবির ডিজি ফারুক ওয়াসিফ। ওর সঙ্গে বই ভাগাভাগি করে পড়তাম। অনেক সময় টিফিনের টাকা বাঁচাতাম। আমাদের বাসা থেকে স্কুল প্রায় দুই কিলোমিটার দূরে ছিল। রিকশা ভাড়া দেওয়া হলেও আমরা হেঁটে স্কুলে যেতাম।”

বর্তমান সময়ের সঙ্গে নিজেদের ছাত্রজীবনের পার্থক্য তুলে ধরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, এখন আর বই পড়ার সেই অভ্যাস নেই। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার নেশাও কমে গেছে। ইন্টারনেটের যুগে সবকিছুই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তরুণরা মোবাইল ফোনেই বিভিন্ন বিষয় দেখছে।

তিনি বলেন, “আমার মনে হয়, এই জিনিসটা সবার মধ্যে থাকা উচিত, বই পড়ার নেশা। এটা থেকে অনেক শেখা যায়।”

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করে আতিকুর রহমান রুমন বলেন, তাঁর স্মরণে এমন আয়োজন করতে পেরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। অতীতের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন কুঁড়িসহ সংস্কৃতির ওপর খুব জোর দিয়েছেন। স্কুল-কলেজে নতুন কুঁড়ি এবং বিভিন্ন খেলাধুলার বিষয়ে কার্যক্রম হাতে নিচ্ছেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তিনি যেন সংস্কৃতি এবং ক্রীড়াকে এগিয়ে নিতে পারেন।”

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।