হুমায়ূন আহমেদের গল্প-গানে মঞ্চস্থ ‘চাঁদনি পসরে’

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প, নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চস্থ হয়েছে ব্যতিক্রমী শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক দেশ রূপান্তর।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র এ আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে আয়োজিত এ প্রযোজনায় গল্প, আবৃত্তি ও সংগীতের সম্মিলনে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মকে তুলে ধরা হয় ভিন্ন এক শিল্পভাবনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশিদ। এতে সভাপতিত্ব করেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক মিল্কী। প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নির্মাতা জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, একটি জাতির প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থনৈতিক উন্নয়ন কিংবা অবকাঠামোগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত পরিচয় ফুটে ওঠে। হুমায়ূন আহমেদ তার সাহিত্যকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে যে স্থায়ী আসন তৈরি করেছেন, তা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তার সৃষ্টি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘চাঁদনি পসরে’র মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘চাঁদনি পসরে’ প্রযোজনার বিশেষত্ব হলো, হুমায়ূন আহমেদের ছোটগল্পকে প্রচলিত পাঠ কিংবা নাট্যরূপের বাইরে আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় উপস্থাপন করা। তার গল্পের সাহিত্যিক আবেদন এবং সাহিত্যকর্ম ও শিল্পকর্মে ব্যবহৃত গানের আবহ মিলিয়ে দর্শক-শ্রোতাদের সামনে তৈরি করা হয় ভিন্নধর্মী শ্রুতিনির্ভর পরিবেশনা।

আয়োজকদের দাবি, আবৃত্তি অঙ্গনে হুমায়ূন আহমেদের ছোটগল্প নিয়ে এ ধরনের শ্রুতি প্রযোজনা প্রথমবারের মতো উপস্থাপন করা হয়েছে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য পাঠ, আবৃত্তিচর্চা ও সৃজনশীল সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে।

এ আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরার পাশাপাশি আবৃত্তিশিল্পের সম্ভাবনাও তুলে ধরেছে স্বরকল্পন আবৃত্তিচক্র।