রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারণ গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে তারা খবর পান, জুরাইনের নবারণ গলিতে এক ব্যক্তিকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির দুই পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে জখম দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, নিহত সুমন মিলন ওরফে মিন্টুর বাড়ি মাদারীপুরের কালকিনি থানার চরফতিবাহাদুরপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা। বর্তমানে তিনি পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
এসআই মিঠুন মন্ডল জানান, কারা বা কী কারণে স্যানিটারি মিস্ত্রি মিন্টুকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।