জ্বালানি সংকট সামলাতে বিকল্প জ্বালানির পথে সরকার: আমিনুল হক

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কাজ করছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে এর ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে বায়োগ্যাস কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।

যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে আমিনুল হক বলেন, যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন। এর মাধ্যমে তাঁরা নিজেদের পাশাপাশি পরিবারকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন। একই সঙ্গে শক্তিশালী হবে দেশের সামগ্রিক অর্থনীতি।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলাম। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।