লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক, জুয়া, ক্যাসিনো ও বাল্যবিবাহের মতো সামাজিক অবক্ষয় দূর করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে এসব অপরাধ ও অবক্ষয় দূর করা সম্ভব।
‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ শীর্ষক ব্যানারে হাতীবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, লালমনিরহাট জেলায় ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ কমিটিতে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মসজিদের ইমাম, পুরোহিত, শিক্ষক, কৃষক, শিক্ষার্থী, যুবসমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের রাখা হয়েছে। প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবকের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের ব্যবহার সবচেয়ে বেশি। তার ভাষ্য, বাংলাদেশে কোনো মাদক উৎপাদন হয় না। প্রতিবেশী দেশগুলো থেকে চোরাইপথে মাদক দেশে প্রবেশ করে। মূলত বাংলাদেশের যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে সীমান্তের আশপাশে এসব কারখানা গড়ে তুলছে প্রতিবেশী দেশগুলো। প্রতিবছর মাদকদ্রব্য সেবনের পেছনে বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে সম্মিলিতভাবে এ প্রচারণা চালাতে হবে। প্রথমে প্রতিটি ওয়ার্ডে হ্যান্ডমাইকের মাধ্যমে প্রচার চালিয়ে সচেতনতা বাড়াতে হবে। এরপর কমিটির সদস্যরা খুঁজে বের করবেন কারা মাদক, জুয়া, ক্যাসিনো ও বাল্যবিবাহের সঙ্গে জড়িত। তাদের বোঝাতে হবে, এসব কর্মকাণ্ড সামাজিক অপরাধ।
তিনি আরও বলেন, বোঝানোর পরও কেউ এসব কর্মকাণ্ড থেকে বিরত না হলে তাঁদের আইনের হাতে সোপর্দ করতে হবে। তবে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি বা হেনস্তার শিকার না হন।
নিজের স্বপ্নের কথা তুলে ধরে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমি স্বপ্ন দেখি, পূর্ণিমার রাতে লালমনিরহাট জেলার মানুষ দরজা-জানালা খুলে নিশ্চিন্তে ঘুমাবে। এ জেলায় কোনো চোর থাকবে না। থাকবে না মদ, জুয়া ও ক্যাসিনোর আড্ডা।’
তিনি বলেন, সমাজ থেকে এসব সামাজিক অবক্ষয় দূর করতে পারলেই লালমনিরহাট একটি রোল মডেল জেলা হয়ে উঠবে।
মন্ত্রী জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলা সফরে আসবেন। আলোকিত লালমনিরহাটের রোল মডেল দেখতেই তিনি এ সফরে আসবেন। এ মডেল সফল হলে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সারা দেশে তা চালু করবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সদস্যদের মধ্যে ভেস্ট বিতরণ করেন মন্ত্রী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ ছাড়া উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্রসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।