একসময় সিনেমা হলের সামনে জমত দর্শকের ভিড়, টিকিটের জন্য দীর্ঘ লাইন, হুড়োহুড়ি। পরিবার নিয়ে সিনেমা দেখা ছিল পরিচিত বিনোদন। কিন্তু কয়েক বছর ধরে সেই অবস্থা আর নেই। হলগুলোতে এখন সুনসান নীরবতা। কোথাও পুরনো সিনেমা চলছে হাতেগোনা দর্শক নিয়ে, কোথাও বন্ধ হয়ে গেছে প্রদর্শনী। আবার কোনো কোনো প্রেক্ষাগৃহ ভেঙে গড়ে উঠেছে বাণিজ্যিক ভবন। পরিত্যক্ত সিনেমা হলে রাখা হয় গরুর খাদ্য, লালন-পালন করা হয় কুকুর।
খোঁজ নিয়ে জানা গেছে, নব্বইয়ের দশকে দেশে প্রায় দেড় হাজার সিনেমা হল থাকলেও বর্তমানে নিয়মিত সিনেমা প্রদর্শন করছে মাত্র ৫০ থেকে ৬০টি। দর্শকসংকট, মানসম্মত সিনেমার অভাব, প্রচারের দুর্বলতা ও পরিচালন ব্যয়ের চাপে দেশের চলচ্চিত্রশিল্প কঠিন ও সংকটময় সময় পার করছে। একসময় যে সিনেমা হলগুলো মানুষের বিনোদনের পাশাপাশি এলাকার সামাজিক জীবনেরও অংশ ছিল, সেগুলোর অনেকগুলো এখন কেবল স্মৃতিতে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল দেশ রূপান্তরকে জানান, ঈদ ও বিশেষ উৎসবে দেশে ১২০ থেকে ১৩০টি সিনেমা হল চালু থাকে। স্বাভাবিক সময়ে এ সংখ্যা ৫০টির নিচে নেমে আসে। ভালো সিনেমা মুক্তি পেলে ৬০ থেকে ৭০টি হল চালু থাকে। বর্তমানে ভালো ছবির সংকটে ৩০টি হলও ঠিকমতো চলছে না।
আনন্দর শোতে দর্শক ১৪ জন : সম্প্রতি রাজধানীর ব্যস্ততম এলাকার ‘আনন্দ’ সিনেমা হলে গিয়ে দেখা যায়, ২০০৬ সালে মুক্তি পাওয়া চিত্রনায়ক মান্না অভিনীত ‘মাথা নষ্ট’ সিনেমা প্রদর্শিত হচ্ছে। সন্ধ্যা ৭টার শোতে দর্শক ছিলেন মাত্র ১৪ জন। হলটির ব্যবস্থাপক শাকির আহমেদ শিবলু দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে মান্নার পুরনো সিনেমা চলছে। প্রতিদিন তিনটি শোতে মোট দর্শক আসেন ৫০ থেকে ৫২ জন। এ হলের মোট আসন সংখ্যা হচ্ছে ৯০০।
তিনি বলেন, ‘এত কম দর্শক নিয়ে হল টিকিয়ে রাখা কঠিন। তবে আনন্দ ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ হওয়ায় নতুন ভালো সিনেমা এলে দর্শক ফিরবেন এ আশায় এটি চালু রাখা হয়েছে।’ তার মতে, সারা বছর নিয়মিত নতুন সিনেমা মুক্তি না পাওয়া এবং শাকিব খানের ছবির বাইরে অন্য অভিনয়শিল্পীদের সিনেমায় দর্শক কম থাকাও সংকটের কারণ। এ ছাড়া একসময় শাবনূর, পূর্ণিমা ও মৌসুমীর সিনেমায় যে দর্শক পাওয়া যেত, বর্তমান নায়িকাদের ছবিতে তেমন সাড়া নেই।
গত দুর্গাপূজায় আনন্দ হলে ‘কাঠপিস’ সিনেমা প্রদর্শিত হলেও প্রত্যাশিত ব্যবসা হয়নি। হলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ ওঠেনি। শাকির আহমেদের মতে, প্রতি মাসে মানসম্মত অন্তত একটি নতুন সিনেমা মুক্তি পেলে পরিস্থিতির উন্নতি হতে পারে।
‘রানী মহল’, ‘মতি মহল’-এ গো-খাদ্য, কুকুর : একসময় ডেমরা এলাকার মানুষের বিনোদনের অন্যতম ঠিকানা ছিল ‘রানী মহল’ ও ‘মতি মহল’ সিনেমা হল। ১৯৬৮ সালে যাত্রা শুরু করা রানী মহল একসময় প্রতিদিন দর্শকের পদচারণায় মুখর থাকত। এখন সেখানে গেলে চোখে পড়ে পরিত্যক্ত পরিবেশ আর নীরবতা।
রানী মহলের ভেতরে ঢুকতেই ডান পাশে চোখে পড়ে পোস্টারশূন্য তিনটি বোর্ড। একসময় যেসব বোর্ড রঙবেরঙের সিনেমার পোস্টারে ঢাকা থাকত, সেগুলো এখন বিবর্ণ। একটু এগোলেই টিকিট কাউন্টার। সেখানেই কথা হয় নূর নবীর সঙ্গে। ২০১৮ সাল থেকে এই হলে টিকিট চেকারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনি জানান, ২০২০ সালে করোনা মহামারির সময় ২০২০ সালে রানী মহল ও পাশের মতিমহল দুটি সিনেমা হলই বন্ধ হয়ে যায়। সপ্তাহের ছয় দিন প্রতিদিন চারটি করে শো চলত, শুক্রবারে হতো পাঁচটি শো।
হলের ভেতরের অবস্থা দেখতে চাইলে মৃদু হাসেন নূর নবী। যেখানে একসময় সারি সারি আসনে বসে দর্শক সিনেমার পর্দায় চোখ রাখতেন, সেখানে এখন স্তূপ করে রাখা হয়েছে খড় ও গরুর খাবার।
রানী মহলের পাশেই মতি মহল। সেটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় যে হলে সিনেমার পর্দায় আলো জ¦লত, সেখানে এখন লালন-পালন করা হচ্ছে কুকুর। ডেমরা ও আশপাশ এলাকার মানুষের বিনোদনের যে দুটি কেন্দ্র একসময় পরিচিত ছিল, সেগুলো এখন হারিয়ে যাওয়া এক সময়ের স্মৃতিচিহ্ন।
হল ভেঙে গড়ে উঠছে বাণিজ্যিক ভবন: দর্শক-সংকটের কারণে রাজধানীর অনেক প্রেক্ষাগৃহ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কাকরাইল মোড়ের ‘রাজমনী’ সিনেমা হল ভেঙে সেখানে নির্মাণ করা হয়েছে বাণিজ্যিক ভবন। পল্টনের ‘জোনাকী’ সিনেমা হল ২০১৯ সালে বন্ধ হওয়ার পর সেখানে গড়ে উঠেছে কনভেনশন হল। নতুন সিনেমার অভাবে ‘মধুমিতা’ সিনেমা হল বন্ধ রয়েছে। টেকনিক্যাল মোড়ের ‘এশিয়ান’ সিনেমা হলও ২০২৫ সালে কনভেনশন সেন্টারে রূপান্তর করা হয়েছে।
কাওরান বাজারের ‘পূর্ণিমা’ সিনেমা হলেরও আর অস্তিত্ব নেই। হলটির সামনে দীর্ঘদিন ধরে পান দোকান চালাচ্ছেন মোহাম্মদ সালেম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো হলটি ৩৭ থেকে ৩৮ বছর চালু ছিল। একসময় সেখানে দর্শকের ভিড় থাকলেও ধীরে ধীরে সংখ্যা কমতে থাকে। একপর্যায়ে মালিক হলটি বন্ধ করে দেন। প্রায় ১১ বছর আগে এটি ভেঙে ফেলা হয়।’
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর রায়েরবাজারের প্রায় ৫০ বছরের ‘মুক্তি’ সিনেমা হল অনেক দিন ধরেই বন্ধ। হলটির পাশেই বসবাস করেন মো. এজাজ বারী। তার স্মৃতিতে এখনো জড়িয়ে আছে একসময়কার এই প্রেক্ষাগৃহের নানা গল্প। এজাজ বারী দেশ রূপান্তরকে বলেন, শুরুর দিকে হলটির ছাদ খোলা ছিল। পরে সেখানে ছাদ নির্মাণ করা হয়। সিনেমা প্রদর্শনের পাশাপাশি কাবাডিসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনও হতো। তবে নতুন সিনেমার প্রদর্শনী তুলনামূলক কম ছিল। বেশিরভাগ সময় পুরনো সিনেমা দেখানো হতো। একসময় যে প্রেক্ষাগৃহটি স্থানীয় মানুষের বিনোদনের অন্যতম জায়গা ছিল, সেটি এখন শুধুই স্মৃতি বন্ধ।
সংকট কাটাতে চাই মানসম্মত সিনেমা ও সরকারি সহায়তা : সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পেছনে ভালো সিনেমা নির্মিত না হওয়াও একটি বড় কারণ। প্রযোজক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু দেশ রূপান্তরকে বলেন, ‘বাণিজ্যিক সিনেমা নির্মাণে অনেক সময় তামিল-তেলেগু ছবির নকল চিত্রনাট্য অনুসরণ করা হয়, যার গল্প বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মৌলিক গল্প ও মানসম্মত নির্মাণে গুরুত্ব দিতে হবে।’
২০১২ সালে চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যাশিত সুযোগ-সুবিধা পাননি। খোরশেদ আলম খসরুর অভিযোগ, ব্যাংকঋণ পেতে নানা বাধার পাশাপাশি বিদ্যুৎ বিলের বিশেষ সুবিধা ও কর অব্যাহতির মতো সুবিধাও কার্যকর হয়নি। তিনি সিনেমা হল নির্মাণ, সংস্কার ও আধুনিকায়নে বরাদ্দ করা ১ হাজার কোটি টাকার তহবিল দ্রুত ছাড়ের দাবি জানান। তার প্রস্তাব অনুযায়ী, ঢাকায় ৪ শতাংশ এবং ঢাকার বাইরে ৩ শতাংশ সুদে ১০ বছর মেয়াদে ঋণ দেওয়া যেতে পারে। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলায় ৬৮টি সিনেপ্লেক্স এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ৫৯৯টি উপজেলায় অডিটোরিয়ামভিত্তিক বিনোদনকেন্দ্রে সিনেপ্লেক্স নির্মাণের প্রস্তাব দেন তিনি।
লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু মনে করেন, হলের সংকট কাটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে নতুন প্রেক্ষাগৃহ ও ৫০ থেকে ৬০ আসনের ছোট আর্ট হাউজ গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে বাড়াতে হবে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা এবং উন্নত করতে হবে নির্মাণের মান। তার মতে, বেশি সিনেমা নির্মিত হলে মানসম্মত ছবি তৈরির সম্ভাবনাও বাড়বে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল মনে করেন, হল টিকিয়ে রাখতে মানসম্মত ছবি নির্মাণ ও মুক্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকে প্রযোজক ও পরিচালকদের সহায়তা দিতে হবে। শুধু হল সংস্কার করে চলচ্চিত্রশিল্পকে বাঁচানো সম্ভব নয়; প্রযোজকদেরও সহজ শর্তে ঋণ দিতে হবে। দেশে ভালো ছবির সংকট দেখা দিলে ভারতসহ বিদেশি সিনেমা আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব দেন তিনি। তার মতে, বিদেশি সিনেমা আমদানির সুযোগ হলে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ছবির জোগান বাড়তে পারে।