কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। আটককৃতদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। অভিযানে পাচারকাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ও শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সি বিচ ও সাবরাং বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, শনিবার ভোররাতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকা দিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পায় বিজিবি। এর প্রেক্ষিতে রাত ১টা থেকে সাবরাং বিওপির একটি বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান নেয়। রাত ১টা ৫০ মিনিটের দিকে আধুনিক থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। রাত ২টার দিকে তারা একটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় রাতের অন্ধকারের সুযোগে একজন পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে গেলেও অপরজনকে বস্তাসহ আটক করতে সক্ষম হয় টহল দল। পরে বস্তা তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তি হলো টেকনাফের সাবরাং ইউনিয়নের ঘোলারপাড়া গ্রামের মৃত লালু মিয়া ও মাহমুদা খাতুনের ছেলে মো. হোসেন (৫০)। পলাতক অপর আসামি একই এলাকার বসু মিয়ার ছেলে মো. শাকের (৪০)।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মহেশখালী পাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশনের দক্ষিণে অস্থায়ী চেকপোস্ট বসায় সি বিচ বিওপির একটি দল। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে দুই নারীর সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত দুই নারী হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবিরপাড়া গ্রামের মো. নুরুল আবছারের স্ত্রী ছেনোয়ারা বেগম (৫০) এবং একই এলাকার মো. সিরাজের স্ত্রী দিলারা বেগম (৪০)।
অভিযানের বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন-‘মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। পাচারকারীরা বিভিন্ন কৌশলে সীমান্ত ব্যবহার করে মাদকের চালান অনুপ্রবেশের অপচেষ্টা চালাচ্ছে। তবে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন- “মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবির এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি জানিয়েছে, আটককৃত আসামি, জব্দকৃত মাদক ও অন্য আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।