সময়মতো আসেন না চিকিৎসক-স্টাফ, অভিযোগ রোগীদের

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাসপাতালে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে বরগুনার আমতলী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফদের বিরুদ্ধে। এর ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা। 

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা অফিসের সময় হলেও ৯টা পার হয়ে যায় তবুও হাসপাতালে আসেননি কোনো চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ। অথচ ওই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩০ থেকে ৪০ জন সাধারণ রোগী।

হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, এখানকার চিকিৎসকরা ঠিকমতো আসেন না। হাসপাতালের নিজস্ব সরবরাহ থেকে পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না, যার ফলে বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন তারা।

জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আবু সুফিয়ান নামের এক রোগী বলেন, ‘৫ টাকা দিয়ে টিকিট কেটে জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছি। দেখানোর পর বেশ কয়েকটি ওষুধ লিখে দিয়েছেন। কিন্তু নাপা ছাড়া হাসপাতাল থেকে আর কোনো ওষুধই দেওয়া হয়নি। বাকি সব ওষুধ বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও যদি প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হয়, তাহলে সরকারি হাসপাতালে এসে লাভ কি, তাহলে তো  বাহিরে ডাক্তার দেখাতে পারি।’

নাসির নামের এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালের পরিবেশ একেবারেই ভালো না, তার ওপর কোনো পানি পাওয়া যায় না। আমাদের সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়।

এদিকে তীব্র সুপেয় পানির সংকট হাসপাতাল চত্বরে থাকা ৪টি নলকূপের সবগুলোই দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে সেখানে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানি সংকট।

এ বিষয়ে এক রোগীর স্বজন বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে এসে খাবার পানির মতো মৌলিক সুবিধাটুকুও পাচ্ছি না। চারটি নলকূপ থাকলেও একটি ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে খেতে হচ্ছে, নয়তো বিভিন্ন জায়গার টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। অসুস্থ রোগী ও তাদের স্বজনদের জন্য বিষয়টি খুবই কষ্টকর। আমরা চাই, কর্তৃপক্ষ দ্রুত নলকূপগুলো সচল করে সুপেয় পানির ব্যবস্থা করুক।

হাসপাতালের এই বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে স্থানীয় আব্দুর রহমান সালেহ বলেন, হাসপাতালে যে অনিয়ম ও ঘাটতিগুলো রয়েছে, আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাবো দ্রুত এসব সমস্যার স্থায়ী সমাধান করুন। হাসপাতালে আসা রোগীরা যেন কোনো চিকিৎসাসেবা বা ওষুধের জন্য বাইরে যাওয়ার বিড়ম্বনায় না পড়েন, সেই সুব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।

হাসপাতালের এমন অনিয়ম ও সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে কতৃপক্ষ। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. হিমেল পাল জানান, হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্বে অবহেলা করে দেরিতে হাসপাতালে উপস্থিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সুপেয় পানির সংকটের বিষয়ে তিনি বলেন, আমাদের এখানকার বেশিরভাগ নলকূপে পানি ওঠে না, কারণ এগুলো অগভীর নলকূপ। ইতোমধ্যে সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

লোকবল সংকটের কথা স্বীকার করে তিনি আরও বলেন, আমাদের ৫০ শয্যার এই হাসপাতালে ৩১ জন চিকিৎসক পদের মধ্যে বর্তমানে ১০ জন এবং ৩৮ জন নার্সের পদের মধ্যে ৩০ জন কর্মরত আছেন। তবে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কোনো মেডিকেল টেকনোলজিস্ট নেই। তাছাড়া আমাদের আধুনিক ডিজিটাল যন্ত্রপাতিও দরকার। এসব বিষয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি, আশাকরি দ্রুত সমাধান হবে।