সকালের আলো ফোটার আগেই সব হারালেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ী। শনিবার (১৪ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে লাগা ভয়াবহ আগুনে তেল, গ্যাস সিলিন্ডার, ওষুধ ও মুদিদোকানসহ তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ১০ মিনিটের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে তেল ও গ্যাস সিলিন্ডারের মতো দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১০ থেকে ১২টি দোকান ও ভেতরের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। চোখের সামনে তিল তিল করে গড়া ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে। সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম। তিনি বলেন, আগুনে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। তালিকা তৈরি করে সরকারিভাবে তাদের সহায়তা দেওয়া হবে।