সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার ঠিক আগের দিন মাঠের বাইরের এক বিতর্কে জল ঢাললেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। গত সপ্তাহে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে উদ্দেশ্য করে খেলার সময় নিয়ন্ত্রণ সংক্রান্ত যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে ব্রাজিলের ফুটবল মহলে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই বার্সেলোনা তারকাকে। গতকাল শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই বক্তব্যের পেছনের আসল উদ্দেশ্য পরিষ্কার করার পাশাপাশি বিশ্বকাপের চোট এবং দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়েও জানান তিনি।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে রাফিনহার দেওয়া একটি সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি বলেছিলেন, আনচেলত্তি যদি সত্যিই তাঁর ওপর ভরসা রাখেন, তবে কোচ জানেন কীভাবে তাঁর খেলার সময় সামলাতে হবে। এমন মন্তব্যে ব্রাজিল সমর্থকদের বড় একটি অংশ ক্ষুব্ধ হয়েছিলেন; অনেকেরই মনে হয়েছিল রাফিনহা হয়তো জাতীয় দলের হয়ে খেলার চেয়ে নিজের বিশ্রামকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তবে শুক্রবার সংবাদ সম্মেলনে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রাফিনহা বলেন, ‘আমি প্রতিটি ম্যাচে এবং যত বেশি সম্ভব মিনিট খেলতে চাই। আমি এটাও বলেছিলাম যে, আমার শরীর সায় দিলে আমি আমার সেরাটা দেব। প্রথমবার জাতীয় দলের জার্সি পরার পর থেকেই আমি সবসময় স্পষ্ট করেছি যে আমি এখানে থাকতে চাই। আমি কখনোই জাতীয় দলের হাল ছাড়িনি, সবসময় নিজের সাধ্যের সবটুকু করেছি। এটি সবসময়ই আমার জন্য সম্মানের, গর্বের এবং কোনো কিছুই তা বদলাতে পারবে না।’
নিজের বিতর্কিত মন্তব্যের প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বার্সেলোনার এই উইঙ্গার জানান, তাঁর উদ্দেশ্য মোটেও ম্যাচ বেছে খেলা ছিল না, বরং শতভাগ ফিট থাকাটাই ছিল মূল কথা। ‘আমি বোঝাতে চেয়েছিলাম যে ব্রাজিলের প্রতিনিধিত্ব করার জন্য কোচ আমার শারীরিকভাবে ফিট ও প্রস্তুত থাকার ওপর ভরসা রাখছেন। দুর্ভাগ্যবশত, আমরা যখন শারীরিকভাবে ফিট থাকি না, তখন খেলতে পারি না, না এখানে, না ক্লাবে। আমার বক্তব্যের উদ্দেশ্য সেটাই ছিল। কোন ম্যাচ খেলব আর কোনটি খেলব না, তা বলে দেওয়া আমার উদ্দেশ্য ছিল না।’
এই প্রসঙ্গে কোচ আনচেলত্তির সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপচারিতার বিস্তারিতও তুলে ধরেন রাফিনহা। চোট কাটিয়ে সবেমাত্র পূর্ণ ৯০ মিনিট খেলার ছন্দে ফেরা এই ফুটবলার সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের কথোপকথনে অস্বাভাবিক কিছু ছিল না। গত ফিফা আন্তর্জাতিক বিরতিতে যা ঘটেছিল, তারপর এটি ছিল খুবই স্বাভাবিক ও ঘরোয়া একটি আলোচনা, মাঠে কত মিনিট খেললাম তা বড় কথা নয়, নিজেদের যত্ন নেওয়া এবং শতভাগ ফিট থাকা নিয়েই কথা হয়েছে। আমি চোট থেকে ফিরছি, বার্সেলোনার হয়ে কয়েকটি ম্যাচ খেলেছি এবং সবশেষ ম্যাচেই কেবল পুরো ৯০ মিনিট খেলেছি’
গত বিশ্বকাপে শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় এবং সেই আসরে নিজের পেশির চোটের হতাশাও লুকাননি রাফিনহা। ফ্রান্সের বিপক্ষে পাওয়া চোট হাইতির বিপক্ষে ম্যাচে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছিল বলে জানান তিনি।
সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এটি ছিল ভীষণ হতাশার। আমি নিজেকে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখতাম, কিন্তু আমি শতভাগ ফিট ছিলাম না। ফ্রান্সের বিপক্ষে চোট পাওয়ার পর বার্সেলোনার হয়ে খুব কম ম্যাচই খেলেছিলাম এবং হাইতির বিপক্ষে ওই মুহূর্তে পুরোনো চোটের জায়গাটি আবার খুলে যায়। যখন আপনি বারবার চোটে পড়েন, তখন সেরে ওঠার জন্য একটু বেশি সময়ের প্রয়োজন হয়; কিন্তু ওই মুহূর্তে যেকোনো মূল্যে আমাকে সেরাটা দিতে হয়েছিল। বিশ্বকাপের শেষ ধাপে জাতীয় দলকে সাহায্য করতে না পারাটা ছিল চরম হতাশার।’
বিশ্বকাপ ব্যর্থতা ও সাম্প্রতিক সময়ে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় ব্রাজিল দলকে ঘিরে যে তীব্র সমালোচনা চলছে, তা খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করে বলেও স্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।