সংঘর্ষের পর গাজীপুরে অবরোধ প্রত্যাহার, ‘নাশকতায়’ গ্রেপ্তার ২০

মজুরি বৃদ্ধি ও সহকর্মীর মৃত্যুর গুজবে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিকদের এ অবরোধ ও সংঘর্ষ পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে বেলা সাড়ে ১১টায় নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। 

কারখানার শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এই আন্দোলনের সূত্রপাত হয় মূলত গত বৃহস্পতিবার (১২ নভেম্বর)। সেদিন কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার 'ট্রপিক্যাল' এবং পূর্ব চন্দ্রা এলাকার 'এপেক্স লিঞ্জারি' নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে সেই সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এর জেরে শনিবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হওয়ার পরপরই গত বৃহস্পতিবার আহত হওয়া এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এমন একটি খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। সহকর্মীর মৃত্যুর এই খবর ছড়িয়ে পড়ার পাশাপাশি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
 
মুহূর্তের মধ্যেই তারা কারখানার ভেতরে কাজ বন্ধ করে দেন এবং দলবেঁধে বাইরে বেরিয়ে আসেন। সকাল সাড়ে আটটার দিকে তারা বিক্ষোভ শুরু করেন এবং সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন ও নানা স্লোগানে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে আশপাশের আরও সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সংহতি জানিয়ে রাস্তায় নেমে এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। উদ্ভূত পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভাঙচুর এড়াতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও তুমুল সংঘর্ষ শুরু হয়।
 
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং অবরোধকারীদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করতে জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে চলে গেলে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল পুনরায় শুরু হয়।
 
এর আগে সকাল থেকে দীর্ঘ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এতে চরম দুর্ভোগে পড়েন নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ হাজার হাজার সাধারণ যাত্রী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পোশাকশ্রমিকদের এই আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অনুপ্রবেশ করেছিল। সকালে তাঁরা গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে মহাসড়কে জড়ো হন এবং বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালান। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।’

অন্যদিকে, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করা হয়েছিল। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
 
গাজীপুর-২ শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মূলত একজন শ্রমিকের মৃত্যুর ভিত্তিহীন গুজব ছড়িয়ে ও বেতন বৃদ্ধির দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।