জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ের কালামপুরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, মেডিকেল ক্যাম্প, শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অসহায় ডায়াবেটিস রোগীদের পাশে থাকার ঘোষণা দেন পপুলার হাসপাতালের মালিক ও মানবজমিন পত্রিকার সাংবাদিক আজাহারুল ইসলাম রাজু।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে শোভাযাত্রাটি কালামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক রাজু বলেন, ডায়াবেটিস আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতা করা প্রয়োজন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবায় সামর্থ্য অনুযায়ী হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
বক্তারা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. হাসান মাহমুদ হাদি, হাসপাতালের পরিচালক ও সমকাল পত্রিকার সাংবাদিক মোকলেছুর রহমান, রাশেদুল ইসলাম রফিক, আবুল কালাম আজাদসহ চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।