দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিয়ে শান্তদের সতর্ক করলেন বেনকেনস্টাইন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা এবং পেস সামলানোর দুর্বলতা বেশ ভালোভাবেই চোখে পড়েছে। তবে সেই ছায়া কাটিয়ে উঠতে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বিন্দু পরিমাণ সময়ও নষ্ট করতে নারাজ বাংলাদেশ দল।

প্রোটিয়াদের গতির ঝড় সামলাতে প্রথম বল থেকেই মানসিক ও টেকনিক্যালি প্রস্তুত থাকার তাগিদ দিয়েছেন আসন্ন এই সফরের জন্য দলের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উইকেটে থিতু হওয়ার জন্য কোনো বাড়তি সেশন পাওয়ার সুযোগ নেই।

দলের সঙ্গে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি ও কন্ডিশন নিয়ে কথা বলতে গিয়ে বেনকেনস্টাইন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে যে ধরনের স্কিল রয়েছে, তারা গতি এবং বাউন্স দিয়েই আক্রমণ করবে। টেস্ট ম্যাচের প্রথম দুই দিনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়। আমরা দুপুরের খাবারের বিরতির পর খেলা শুরু করতে চাই না; প্রথম বল থেকেই আমাদের যথেষ্ট সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।’ 

কন্ডিশন বোঝার জন্য দীর্ঘ সময় নেওয়ার বিলাসিতা টেস্ট ক্রিকেটে যে চলে না, সে কথা স্পষ্ট করে দেন এই দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার। দুই ম্যাচের এই সিরিজে প্রতিটি সেশনের গুরুত্ব তুলে ধরে বেনকেনস্টাইন আরও বলেন, ‘দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরো একটি সেশন পরিস্থিতি বুঝতে বুঝতেই নষ্ট করে ফেলা যায় না। তাই খুব দ্রুত মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ 

প্রতিপক্ষের পেস শক্তির মুখোমুখি হওয়ার আগে অবশ্য দলের ব্যাটারদের টেকনিক ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন বেনকেনস্টাইন। অস্ট্রেলিয়া সফর এবং সাম্প্রতিক সময়ে গতিময় বোলিং মোকাবিলার অভিজ্ঞতা শান্ত-হৃদয়দের আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস তাঁর। প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ তিনি জানান, ‘আমি যা দেখেছি, তাতে মনে হয়েছে এটি অত্যন্ত প্রতিভাবান এবং টেকনিক্যালি দারুণ একটি ব্যাটিং দল। আসল পরীক্ষাটা হবে আমরা কন্ডিশনের সঙ্গে কতটা এবং কত দ্রুত মানিয়ে নিতে পারি।’ 

আগামীকাল জোহানেসবার্গের প্রথম টেস্টের পর ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।