বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেল সদৃশ বস্তু, জনমনে আতঙ্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে চারটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে আতঙ্কিত হয়ে তারা বস্তুগুলো পানি ভর্তি বালতিতে ভিজিয়ে রাখেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর কোনো বিস্ফোরণ না ঘটায় সেগুলো পাশের পুকুরের পানিতে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।

এম এ হালিম জুয়েল বলেন, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তারা কার্যালয়ে বসে ছিলেন। এ সময় অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসদৃশ বস্তু ফেলে চলে যায়। বিষয়টি দেখে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে বস্তুগুলো একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখা হয়।

প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও কোনো বিস্ফোরণ না ঘটায় সেগুলো পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ পাওয়া যায়নি। পরে থানায় যোগাযোগ করলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রাখা হয়েছিল। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা বস্তুগুলো খুলে ফেলেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।