চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবেশীর বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবির হোসেন মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার খেয়ে বাড়ি ফিরছিল আবির। এ সময় চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক সড়কে নাজিরহাটগামী দ্রুতগতির একটি অজ্ঞাত হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শামসুজ্জামানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।