হাজীগঞ্জে মিনি ম্যারাথনে অংশ নিলেন ৮০০ প্রতিযোগী

চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ভোরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ৮০০ প্রতিযোগী অংশ নেন।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথন শুরু হয়। এরপর হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় প্রদক্ষিণ করে প্রতিযোগীরা আবার উপজেলা পরিষদ চত্বরে এসে দৌড় শেষ করেন।

বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন জানান, তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপের আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়।

প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন বিজয়ীসহ অন্যান্য প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় মানুষকে উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।