সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর পোস্ট

নতুন মামলায় কঙ্গনা

ফের মামলায় জড়ালেন বলিউড তারকা ও ভারতের বিজেপির সংসদ সদস্য কঙ্গনা কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে নিয়ে করা একটি পোস্টে আপত্তিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন দেশটির হিমাচল প্রদেশের শিমলার অতুল শর্মা নামের এক বাসিন্দা।  

অভিযোগকারীর দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। এসব পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ ও উসকানিমূলক বক্তব্য তুলে ধরা হয়েছে। 

একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫৩ ও ৩৫৬ ধারায় মামলা হয়েছে। এসব ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে এমন বক্তব্য এবং মানহানির অভিযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত। 


অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করেন কঙ্গনা। একই পোস্টে তিনি ইঙ্গিত দেন, পরিবারের সদস্যরা ধারাবাহিকভাবে নিহত হওয়ার পর সরকারপ্রধান হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সোনিয়ার সামনে। পোস্টের শেষাংশে ‘কতই না সুবিধাজনক!’ মন্তব্যও করেন অভিনেত্রী। এ ছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও কঙ্গনা দাবি করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

অভিযোগকারী অতুল শর্মার মতে, কঙ্গনার এসব বক্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়ে মামলা করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানিয়েছিলেন অতুল শর্মা। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।