নারীর অধিকার ও ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: হুইপ দুলু

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।   

তিনি বলেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির রাজনীতিতে কখনোই নারীকে করুণার পাত্র ভাবেনি, ভেবেছে শক্তির আধার হিসেবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোর শহরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের আয়োজনে ‘নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে হুইপ এসব কথা বলেন।

১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন জানিয়ে তিনি বলেন, এশিয়ার মধ্যে অন্যতম প্রথম এই উদ্যোগ প্রমাণ করে, বিএনপি ক্ষমতায় আসার আগেই নারীকে রাষ্ট্রের মূলধারায় আনার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের ধারাবাহিকতায় আজ নারীর উন্নয়ন কোনো দয়ার প্রকল্প নয়, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

হুইপ বলেন, শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দপ্তর’ প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’। পরে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে এটি ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’এ রূপান্তরিত হয়।

শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ এই তিন প্রজন্মের ধারাবাহিকতাই বিএনপির নারী রাজনীতির সৌন্দর্য উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত করেছেন। তিনি পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন, স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন করছেন। নারী জাগরণের অগ্রদূত শহীদ জিয়া এবং নারী ক্ষমতায়নের অগ্রদূত বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তাদের যোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

দুলু আরো বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের প্রতিফলন ঘটবে বিএনপির আগামী কাউন্সিলে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলীয় নীতি-নির্ধারণী পর্যায় এ ব্যাপারে সচেষ্ট। এরফলে বিএনপির সাংগঠনিক সংগঠন এবং নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে ও নীলুফার ইয়াসমিন সঞ্চালনায় সংলাপে আর বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন।