কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকার নদীর তীরে নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধিদল।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে পরিদর্শনে আসেন দলটি।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে নৌবন্দরের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে। কৃষি, বাণিজ্য, শিল্প, পরিবহন ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে এ বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ এ অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করবে। পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পর্যটন বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত নৌবন্দরকে কেন্দ্র করে নদীপথে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে এটি স্থানীয় মানুষের বিনোদন ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠতে পারে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান এবং মেঘনা নদীবন্দরের উপ-পরিচালক মো. নূর হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুর মোহাম্মদ সেলিম ও পিটার চৌধুরী উপস্থিত ছিলেন।