ছয় দাবিতে ভোলায় গণস্বাক্ষর, উন্নয়নবঞ্চনার অবসান চান মানুষ

প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ জেলা ভোলা। অথচ জেলার সব ঘরে পৌঁছায়নি সেই গ্যাস, গড়ে ওঠেনি প্রত্যাশিত শিল্পকারখানা। উন্নত চিকিৎসার জন্য রোগীদের ছুটতে হয় বরিশাল কিংবা ঢাকায়। বিভাগীয় শহর বরিশালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগও নেই। নদীবেষ্টিত এই জেলার মানুষের কাছে তাই ভোলা-বরিশাল সেতু এখন শুধু একটি যোগাযোগ অবকাঠামো নয়, অর্থনীতি ও জীবনযাত্রা বদলে দেওয়ার স্বপ্ন।

দীর্ঘদিনের এসব বঞ্চনা ও প্রত্যাশার কথা তুলে ধরে ভোলায় ছয় দফা দাবি আদায়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ভোলা প্রেসক্লাব চত্বরে নাগরিক সংগঠন ‘আমরা ভোলাবাসী’ এ কর্মসূচির আয়োজন করে। ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে গ্যাস চুক্তি বাতিল এবং গ্যাস পাচার বন্ধের দাবিতে এতে স্বাক্ষর করেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের মতে, এই গণস্বাক্ষর কেবল ছয়টি দাবির প্রতি সমর্থন জানানোর কর্মসূচি নয়; বরং ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জেলাব্যাপী জনমত গড়ে তোলার উদ্যোগ। তাদের দাবি, প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে ভোলার যে অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

ভোলার মানুষের দীর্ঘদিনের অন্যতম দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। বর্তমানে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে নদীপথের ওপর নির্ভর করতে হয় জেলার বাসিন্দাদের। জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে এই যোগাযোগব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে গিয়ে সময়ের সঙ্গে পাল্লা দিতে হয় স্বজনদের।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতু এবং সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় ১৬ দশমিক ৩৭ কিলোমিটার। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৪৬৬ কোটি টাকার বেশি। তবে প্রকল্পের পরবর্তী কার্যক্রম ও নির্মাণ শুরুর সময় নিয়ে ভোলার মানুষের মধ্যে এখনো প্রত্যাশার পাশাপাশি অনিশ্চয়তা রয়েছে। তাদের দাবি, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

ভোলার আরেকটি বড় সম্ভাবনা প্রাকৃতিক গ্যাস। শাহবাজপুরসহ জেলার গ্যাসসম্পদকে ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, জেলার গ্যাসসম্পদ ব্যবহার করে বৃহৎ শিল্পকারখানা, সার কারখানা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হলেও সেই সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। ঘরে ঘরে গ্যাস সংযোগের পাশাপাশি গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, গ্যাসের ন্যায্য ব্যবহার নিশ্চিত এবং পাচার বন্ধের দাবিও দীর্ঘদিনের।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ভোলার মানুষের প্রত্যাশা অনেক। জটিল রোগের চিকিৎসা ও বিশেষজ্ঞ সেবার জন্য জেলার বাইরে যেতে হয় বহু রোগীকে। নদীপথের যোগাযোগের কারণে অনেক সময় চিকিৎসা পেতে বিলম্ব হয়। এ বাস্তবতায় ভোলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জোরালো হয়েছে। স্থানীয়দের মতে, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি চিকিৎসাসেবার পরিধিও বাড়বে।

‘আমরা ভোলাবাসী’র সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, ছয় দফা দাবি আদায়ে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, স্মারকলিপি, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দাবিগুলোর দৃশ্যমান বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনকে আরও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের মতামত ও সমর্থন একত্র করে বৃহত্তর আন্দোলনের ভিত্তি তৈরি করা হচ্ছে।

এর আগে গত ১৫ অক্টোবর ভোলা জেলা পরিষদে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ‘আমরা ভোলাবাসী’র আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে গণস্বাক্ষর অভিযান ও লিফলেট বিতরণ, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, জেলার চার সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।

ভোলার উন্নয়ন প্রশ্নে স্থানীয় সচেতন মহলের বক্তব্য, সেতু, গ্যাস, শিল্পায়ন ও চিকিৎসাসেবা—প্রতিটি দাবি একে অপরের সঙ্গে সম্পর্কিত। এসব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। শুধু আশ্বাস নয়, দাবিগুলোর বাস্তবায়নে নির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।