পাবনায় সৌখিন মৎস্য শিকারীদের মিলনমেলা

প্রকৃতির সান্নিধ্যে মাছ শিকারের আনন্দ উপভোগ করতে পাবনায় মিলিত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৫০ জন সৌখিন ও পেশাদার মৎস্য শিকারী। শনিবার (১৪ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার দাপুনিয়া মন্ডল ফিশ ফার্মে অনুষ্ঠিত হয় ‘টিকা গোল্ডেন রিল ফিশিং চ্যাম্পিয়নশিপ’।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ব্যতিক্রমী এই মৎস্য শিকার প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী হুইল বরশি বা রিল ফিশিংয়ের মাধ্যমে মাছ ধরার এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন এলাকার প্রতিযোগিরা।

আয়োজক সূত্রে জানা যায়, পাবনা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মৎস্যপ্রেমীরা এতে অংশ নেন। বড় মাছ শিকারের রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখতে স্থানীয় মৎস্যপ্রেমী ও দর্শনার্থীরাও ভিড় করেন।

প্রতিযোগিতাটি কেবল মাছ শিকারের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্য শিকারীদের মধ্যে তৈরি করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। মাছ ধরার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা।

আয়োজক টিকা গোল্ডেন রিল ফিশিং চ্যাম্পিয়নশিপের পক্ষ থেকে জানানো হয়, সৌখিন মৎস্য শিকারকে সুন্দর শখ ও খেলা হিসেবে জনপ্রিয় করা এবং মৎস্যপ্রেমীদের এক প্ল্যাটফর্মে আনতেই পাঁচ বছর পরপর এমন আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের আশাবাদও জানান তারা।

প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা থেকে আসেন ব্যবসায়ী ও সৌখিন মৎস্য শিকারী রেজাউল করিম। তিনি জানান, ফিশিং গ্রুপের মাধ্যমে প্রতিযোগিতার খবর পেয়ে ১ হাজার ৫০০ টাকা দিয়ে নিবন্ধন করেন। নিয়ম অনুযায়ী, সবচেয়ে বড় মাছ শিকারকারী প্রথম পুরস্কার পাবেন। এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।

টাঙ্গাইল থেকে আসা এতেশামুল জানান, মাছ শিকারের প্রতিযোগিতার খবর পেয়ে তিনি সেখানে এসেছেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, মাছ শিকারের পর ওজন মেপে আবার পুকুরে ছেড়ে দিতে হয়। কয়েক প্রজাতির মাছের মধ্যে সবচেয়ে বেশি ওজনের মাছ শিকারকারী বিজয়ী হন।

খুলনা থেকে আসা মিঠুন ও কাজী জহির জানান, তারা দেশের বিভিন্ন স্থানে মাছ শিকার করেন। এই প্রতিযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত ২ ও ৩ কেজি ওজনের দুটি কাতল মাছ শিকার করেছেন। এমন আয়োজনে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত।

খামারের উদ্যোক্তা আলী আব্বাস মন্ডল বলেন, একসময় তিনিও মাছ ধরার নেশায় মেতে থাকতেন। থাইল্যান্ডে গিয়ে শৌখিন মৎস্য শিকারের আধুনিক বিনোদনকেন্দ্র দেখে অনুপ্রাণিত হয়ে ২০১০ সালে নিজ গ্রামে গড়ে তোলেন এই ব্যতিক্রমী খামার। তাঁর ফার্মে প্রতি মাসেই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বড় মাছ শিকার করে মানুষ যখন আনন্দ পান, তখনই নিজের উদ্যোগকে সার্থক মনে করেন তিনি।

আলী আব্বাস আরও জানান, তার বিশাল পুকুরে তিন কেজি থেকে শুরু করে এক মণ ওজনের মাছ রয়েছে। তিনি কখনো জাল টেনে পুকুরের মাছ বিক্রি করেননি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবাসন সুবিধাসহ আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ মাছ শিকারভিত্তিক বিনোদনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন রয়েছে তাঁর।

প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তিন প্রজাতির বড় তিনটি মাছ শিকার করে প্রথম স্থান অর্জন করেন পাবনার সৌখিন মৎস্য শিকারী বিদ্যুৎ। পরে তার হাতে গোল্ডেন হুইল বরশি তুলে দেন আয়োজকেরা।