প্রেমে পড়েছেন, নাকি শুধু অ্যাটেনশন পেতে ভালো লাগে?

কারও মেসেজের অপেক্ষায় থাকা, ফোনে তার নাম ভেসে উঠতেই মুখে হাসি ফুটে ওঠা কিংবা উত্তর দিতে দেরি হলে মন খারাপ হওয়া—এসব কি ভালোবাসার লক্ষণ? নাকি অন্য কারও কাছ থেকে পাওয়া মনোযোগের প্রতি তৈরি হয়েছে এক ধরনের নির্ভরশীলতা?

অনেক সময় আমরা মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষাকেই ভালোবাসা বলে ভুল করি। অথচ কাউকে ভালো লাগা আর তার কাছ থেকে নিয়মিত মনোযোগ পাওয়ার অভ্যাস—দুটি এক বিষয় নয়। এই পার্থক্য বোঝা কঠিন হতে পারে, বিশেষ করে যখন কারও মেসেজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে।

আপনার অনুভূতিটা ভালোবাসা, নাকি শুধুই অ্যাটেনশন পাওয়ার আকাঙ্ক্ষা, তা বুঝতে জেনে নিন পাঁচটি লক্ষণ।

১. তার উত্তরের ওপর নির্ভর করে আপনার মেজাজ

তিনি দ্রুত মেসেজের উত্তর দিলে আপনার মন ভালো হয়ে যায়। আবার উত্তর দিতে দেরি হলে পুরো দিনটাই খারাপ কাটে। তার সামান্য মনোযোগ আপনাকে আনন্দিত করে, আর নীরবতা তৈরি করে হতাশা।

যদি আপনার মানসিক অবস্থা পুরোপুরি নির্ভর করে তিনি কতটা সময় দিচ্ছেন বা আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি হয়তো তার মনোযোগ ও স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন।

২. আপনি আসলে কথোপকথন নয়, মেসেজগুলো মিস করেন

নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তার সঙ্গে কথা বলা মিস করছেন, নাকি কেউ নিয়মিত আপনার খোঁজখবর নিচ্ছে—এই অনুভূতিটাই বেশি মিস করছেন?

যদি তার পাঠানো ‘গুড মর্নিং’ মেসেজ, প্রশংসা কিংবা ছোট ছোট বার্তাগুলোই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর প্রকৃত কথোপকথন বা একে অপরকে জানার আগ্রহ কম থাকে, তাহলে নিজের অনুভূতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

৩. তার অপছন্দের বিষয়গুলো আপনি এড়িয়ে যান

হয়তো আপনাদের দুজনের মূল্যবোধ, আগ্রহ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের পার্থক্য রয়েছে। কিন্তু তিনি যখনই আপনার প্রশংসা করেন বা বিশেষ অনুভব করান, তখন সেই অমিলগুলো আর আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না।

কাউকে নিজের প্রতি আগ্রহী দেখে ভালো লাগতেই পারে। কিন্তু সেই ভালো লাগার কারণে দুজনের মধ্যে প্রকৃত সামঞ্জস্য আছে কি না, তা উপেক্ষা করা ঠিক নয়। মনে রাখবেন, কারও কাছে কাঙ্ক্ষিত হওয়া আর তার সঙ্গে মানানসই হওয়া এক বিষয় নয়।

৪. তিনি দূরে সরে গেলে আপনার আগ্রহ বেড়ে যায়

তিনি যখন নিয়মিত যোগাযোগ রাখেন, তখন আপনি বেশ নিশ্চিন্ত থাকেন। কিন্তু হঠাৎ যোগাযোগ কমিয়ে দিলে কিংবা দূরত্ব তৈরি করলে সারাক্ষণ তার কথাই ভাবতে থাকেন।

তার এই অনিয়মিত মনোযোগ আপনার মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। ফলে তাকে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয়। তবে এই অস্থিরতাকে গভীর ভালোবাসা ভেবে ভুল করবেন না। অনেক সময় কাউকে হারানোর ভয় কিংবা তার মনোযোগ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাও এমন অনুভূতির কারণ হতে পারে।

৫. তার পছন্দ নিয়ে বেশি চিন্তিত থাকেন

আপনি ঘণ্টার পর ঘণ্টা ভাবেন, তিনি আপনাকে পছন্দ করেন কি না, তার চোখে আপনাকে যথেষ্ট আকর্ষণীয় লাগছে কি না কিংবা কোনো কথায় তিনি কষ্ট পেয়েছেন কি না।

কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, তার সঙ্গে সময় কাটাতে আপনার ভালো লাগে কি না? তার সান্নিধ্যে আপনি স্বস্তি অনুভব করেন, নাকি সবসময় নিজেকে তার পছন্দমতো করে উপস্থাপন করার চেষ্টা করেন?

একটি সুস্থ সম্পর্ক মানে শুধু অন্যের অনুমোদন পাওয়ার চেষ্টা নয়। বরং দুজনের চাওয়া-পাওয়া, পছন্দ-অপছন্দ এবং মানসিক স্বস্তির বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

ভালোবাসা আর মনোযোগের চাহিদা এক নয়

কারও কাছ থেকে মনোযোগ পেতে ভালো লাগা স্বাভাবিক। তবে সেই মনোযোগের ওপর নিজের ভালো থাকা নির্ভরশীল হয়ে পড়লে সম্পর্কের প্রকৃত অনুভূতিগুলো বোঝা কঠিন হয়ে যায়।

তাই কাউকে ভালো লাগলে শুধু তিনি আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, সেটি নয়; তার সঙ্গে আপনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন, দুজনের মধ্যে কতটা বোঝাপড়া রয়েছে এবং সম্পর্কটি আপনাকে মানসিক শান্তি দিচ্ছে কি না, সেদিকেও নজর দিন। কারণ ভালোবাসা শুধু কারও মনোযোগ পাওয়ার নাম নয়, বরং একে অপরকে বোঝা, সম্মান করা এবং স্বস্তিতে থাকার নামও।