সাহিত্যবিশ্ব

বুকারের ইতিহাসে প্রথম সায়েন্স ফিকশন লেখকের জয়

সাহিত্যের প্রচলিত ঘরানাগত বিভাজন অতিক্রম করে ২০২৬ সালের বুকার পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ কথাসাহিত্যিক এম. জন হ্যারিসন। তার পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং-এর জন্য ৮১ বছর বয়সী এই লেখককে পুরস্কারটি দেওয়া হয়েছে গত ৯ নভেম্বর। বুকার পুরস্কার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উডের ভাষায়—অতীতে অনেক বুকারজয়ী লেখক তাদের কাজে সায়েন্স ফিকশনের নানা অনুষঙ্গ ব্যবহার করেছেন। তবে সায়েন্স ফিকশনের স্বতন্ত্র সাহিত্যিক পরিমণ্ডল থেকে উঠে এসে এই প্রথম কোনো লেখক বুকার জিতলেন।

দ্য এন্ড অব এভরিথিং উপন্যাসের পটভূমি ভবিষ্যতের ইংল্যান্ডের কেন্ট উপকূল। ডিস্টোপিয়ান বাস্তবতা, ব্যঙ্গাত্মক বয়ান এবং মানুষের অস্তিত্ব ও উপলব্ধির সীমাবদ্ধতা নিয়ে উপন্যাসটি তৈরি করেছে এক অস্বস্তিকর আখ্যান। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৃহৎ ভাষা মডেলের উপস্থিতিও রয়েছে এর কল্পিত জগতে। বিচারকমণ্ডলীর সভাপতি মেরি বিয়ার্ড উপন্যাসটিকে অভিহিত করেছেন ‘ভবিষ্যতের লেন্সে দেখা বর্তমানের রাজনীতি’ হিসেবে।

সায়েন্স ফিকশনকে সাহিত্যিক কথাসাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করার প্রশ্নে দীর্ঘদিন ধরে কাজ করেছেন হ্যারিসন। বুকারজয়ের পর তার এই স্বীকৃতি নিয়ে আলোচনায় সেই প্রচেষ্টার প্রসঙ্গও উঠে এসেছে। ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুলেছিলেন, ভালোভাবে লেখা সায়েন্স ফিকশন কেন সাহিত্যিক কথাসাহিত্য হিসেবে বিবেচিত হবে না? এবারের বুকারজয় যেন সেই প্রশ্নেরই এক তাৎপর্যপূর্ণ উত্তর।