ভোলায় ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে, সদর রোডের একটি দোকানে এক ব্যক্তি বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন। পরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির কাছে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা পাওয়া যায়।

আটক ব্যক্তির নাম-ঠিকানা যাচাই এবং স্বর্ণালংকারের বৈধ মালিকানা ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে উদ্ধার করা স্বর্ণালংকার পরীক্ষা করা হয়। এতে ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণ পাওয়া যায়। এ ছাড়া তার কাছে থাকা ব্যাগ থেকে বিভিন্ন ধরনের অলংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকার মোট মূল্য প্রায় ২৬ লাখ টাকা।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, তিনি ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার জনৈক সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন। এখানে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার বিষয়টি জানা যায়।

গ্রেপ্তার মো. আব্দুল আলী মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আদালতে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ তৎপর রয়েছে। যে কোনো অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।