কুয়াকাটায় বেড়িবাঁধের ১০ গাছ কেটে জমি দখলের চেষ্টা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের ৮ থেকে ১০টি গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গভীর রাতে গাছ কেটে সেখানে ট্রাকে করে বালু ফেলে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে কাটা গাছের গোড়া দেখতে পান। পরে গাছের গোড়া পরীক্ষা করে ৮ থেকে ১০টি গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেন তারা।

খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা জানান, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত বেড়িবাঁধ টেকসই রাখতে সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান করা হয়েছে। ওই বাগানের আকাশমণি ও বাবলা প্রজাতির প্রায় ১০টি গাছের গোড়া পড়ে থাকতে দেখা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কসংলগ্ন পেছনের দিকে ব্যক্তিগত রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গাছগুলো কেটে সেখানে বালু ফেলা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি এখনো তদন্তাধীন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, গভীর রাতে একদল লোক গাছ কেটে ট্রাকে করে বালু এনে সেখানে ফেলে রাস্তা নির্মাণের চেষ্টা করেছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।