কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতা শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি চালিয়ে নয়টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জেলেকে আটক করা হয়। জব্দ করা ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।