অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

একসময় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল ও চাদরের সুনাম ছিল দেশজুড়ে। নিপুণ কারুকাজ ও বাহারি নকশার এসব পণ্যের চাহিদাও ছিল বেশ। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি, যান্ত্রিক পাওয়ার লুমের প্রভাব, শ্রমিক সংকট এবং বাজারজাতকরণে দুর্বলতার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে এ শিল্প। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও শ্রমের উপযুক্ত মজুরি না পাওয়ায় হতাশ হয়ে পড়ছেন তাঁতিরা। সংসার চালাতে না পেরে অনেকেই বংশপরম্পরায় চলে আসা এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিআই স্বীকৃত টাঙ্গাইলের তাঁতের শাড়ির পর বাহারি সুতা ও নিখুঁত কারুকাজে তৈরি শাল-চাদরেরও রয়েছে দেশজুড়ে পরিচিতি। জেলার বাসাইল উপজেলার বাথুলি সাদী, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব চাদর তৈরির কারখানা রয়েছে। এর মধ্যে বাসাইলের বাথুলি সাদী গ্রামে কারখানার সংখ্যা সবচেয়ে বেশি।

একসময় বাথুলি সাদী গ্রামে ৮০টি তাঁত কারখানা সচল ছিল। কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধি, পাওয়ার লুমের দাপট ও দক্ষ কারিগরের সংকটে এর মধ্যে ৭০টি কারখানাই বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সঠিক বাজারজাতকরণ নীতিমালার অভাব এবং লোকসানের আশঙ্কায় নতুন করে বিনিয়োগেও আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।

তাঁত কারখানাগুলোতে সুতা, বুনন পদ্ধতি ও নকশার ভিন্নতায় প্রধানত ছয় ধরনের শাল ও চাদর তৈরি হয়। এর মধ্যে রয়েছে বংশাল, মনিপুরী, নয়নতারা ও ময়ূরকণ্ঠীসহ বিভিন্ন নকশার চাদর।

প্রচলিত এসব পণ্যের মধ্যে রয়েছে হালকা শীতের উপযোগী সুতি সুতা দিয়ে তৈরি খাঁটি সুতি চাদর। তীব্র শীতের জন্য শতভাগ উল বা পশমি সুতা দিয়ে তৈরি হয় উলের শাল ও চাদর। সুতির সঙ্গে সিল্ক বা কৃত্রিম সুতা মিশিয়ে তৈরি করা হয় চকচকে ও মসৃণ সিল্ক ও মিক্সড সুতার চাদর।

এ ছাড়া টাঙ্গাইল শাড়ির আদলে জামদানি বা জ্যাকার্ড তাঁতে নকশা করা জামদানি ও ঐতিহ্যবাহী নকশার শাল, একরঙা জমিনে চিকন চেলি পাড়ের চাদর এবং সাধারণ কাপড়ের ওপর ব্লক প্রিন্ট, বাটিক কিংবা সুতার এমব্রয়ডারি করা আধুনিক শাল তৈরি হয়।

নারীদের ফ্যাশনেবল শাল সাধারণত প্রস্থে দুই থেকে আড়াই হাত এবং দৈর্ঘ্যে চার থেকে পাঁচ হাত হয়ে থাকে। অন্যদিকে পুরুষদের ব্যবহার ও গায়ে জড়িয়ে রাখার জন্য চার হাত চওড়া এবং সাত থেকে নয় ফুট লম্বা কিং সাইজ চাদরও তৈরি করা হয়। মান ও হাতের কাজের সূক্ষ্মতা অনুযায়ী এসব চাদরের দাম ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।

বাথুলি সাদী গ্রামের তাঁত মালিক আ. ছালাম জানান, সুতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আগের মতো ব্যবসায় লাভ থাকছে না। ব্যাংক ও উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেও কিস্তি পরিশোধের পর পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। লোকসানের কারণে তাঁর ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিয়েছেন। বর্তমানে চালু রয়েছে মাত্র ২২টি তাঁত।

আরেক তাঁত মালিক মো. বাদল মিয়া বলেন, কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের চাদরের চাহিদা বাড়ছে। টাঙ্গাইলের শাড়ির মতো শাল-চাদর বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া এবং স্বল্প সুদে সরকারি ঋণের ব্যবস্থা করা হলে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হতো।

তিনি জানান, তাঁর দুটি কারখানায় আটটি পাওয়ার লুম ও ছয়টি খটখটি তাঁত রয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতে যেকোনো সময় কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

অন্যদিকে, স্বল্প মজুরি ও আয়বৈষম্যের কারণে মানবেতর জীবনযাপন করছেন এই শিল্পের কারিগররা। দীর্ঘদিন ধরে পেশাটির সঙ্গে যুক্ত মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে তাঁরা ২০টি চাদর বুনতে পারেন। প্রতিটি চাদরের জন্য মজুরি পান মাত্র ২৫ টাকা।

অন্যদিকে, খটখটি তাঁতে দিনে সর্বোচ্চ ছয় থেকে সাতটি চাদর বোনা সম্ভব। এ ক্ষেত্রে প্রতিটি চাদরের বিপরীতে মজুরি পাওয়া যায় ৫০ থেকে ৫৫ টাকা। বর্তমান বাজারদরে এই সামান্য আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক কারিগর বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের (বাতাঁবো) টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমান বলেন, কাঁচামালের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে না পেরে অনেক তাঁত মালিক লোকসানের মুখে পড়ছেন। কেউ কেউ কারখানা বন্ধ করে অন্য পেশায় চলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো জরুরি।