হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনা জেলার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো ও দুই হাত বাঁধা অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছেলেকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা অলী উল্লাহ মুন্সি।

স্থানীয় সূত্র জানায়, তুহিন মুন্সি লোদা গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার দুপুরে বাবা তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। এ সময় তার দুই হাত বাঁধা ছিল।

পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর তুহিনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।